স্টাফ রিপোর্টার
অপরিকল্পিত ও অসময়ে বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির কারণে ফসলহানির প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি নাদীর আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, অ্যাড. শেরনুর আলী, অ্যাড. মাশুক আলম, অ্যাড. আব্দুল হক, আনিসুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নূর হোসেন, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম আমবিয়া মাজবুর পাবেল প্রমুখ।
মানববন্ধনে সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সুনামগঞ্জের হাওর এলাকা থেকে যে বোরো ধান উৎপাদন হয় এটা বাংলাদেশের জন্য জরুরি, কৃষক পরিবারের জীবিকার জন্য জরুরি। কিন্তু এই ধান পানিতে তলিয়ে যাচ্ছে। সুতারাং হাওরের কৃষকদের ধান রক্ষার্থে কোটি টাকার যে ফসল রক্ষা বাঁধের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটা কৃষকদের কাজে লাগছে না। তিনি বলেন, ফসল রক্ষা বাঁধের প্রকল্পে যে কোটি টাকার উপরে বরাদ্দ দেওয়া হয়েছিল এটা কার কার পকেটে গেছে, পাই পাই করে হিসাব দিতে হবে।