- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরে ফসল ডুবির প্রভাব জগন্নাথপুরের ঈদ বাজারে

জগন্নাথপুর অফিস
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় এবার ঈদ বাজার জমছে না। ঈদের সময় ঘনিয়ে আসলেও ঈদ বাজারে আশানুরূপ কেনাবেচা না হওয়ায় হতাশায় ব্যবসায়ীরা। সচেতনমহলের মতে হাওরে ফসল ডুবির প্রভাব পড়েছে ঈদের বাজারে।
ব্যবসায়ীরা জানান, রমজানের ২০ দিন অতিবাহিত হতে চললেও প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় এখনো জমে নি ঈদের বাজার।  বিগত বছরগুলোতে ১৫ রমজানের পর থেকে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ঈদের বাজার জমে উঠত। বিশেষ করে কাপড়, জুতা ও প্রসাধনীর দোকোনগুলোতে ক্রেতাদের ভীড় লেগে যেত। এবার এখনো এসব দোকানগুলোতে আশানুরূপ কেনাবেচা নেই। ফলে হতাশায় ভোগছেন বিক্রেতারা। তারপরও শেষ মুহূর্তে জমে উঠতে পারে ঈদ বাজার এমন আশায় দোকানে নিত্যনতুন পোষাক ও মালামাল এনে সাজিয়েছেন। অনেকে নানা অফার দিয়ে ক্রেতা আকৃষ্টের চেষ্টা করছেন। তারপরও ঈদ বাজার জমছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জগন্নাথপুর বাজারের মিহির প্লাজায় বিন্দুজ বিপণি বিতানে ঈদ উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিটি পণ্যের সাথে অফার দিলেও ঈদ বাজার জমছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার মিন্টু রঞ্জন ধর। তিনি বলেন, এবার ঈদ বাজারে ফসল ডুবির প্রভাব পড়েছে মারাত্মকভাবে।
জগন্নাথপুর মধ্য বাজারের উজ্জ্বল গার্মেন্সের মালিক রাজন দাশ জানান, ঈদকে সামনে রেখে নিত্য নতুন পোষাক এনে দোকান ভরপুর করে রাখা হলেও কাঙ্কিত বিক্রয় শুরু হয়নি।
বকুল গার্মেন্সের মালিক বকুল গোপ জানান, একদিনে ফসল ডুবির প্রভাব অন্যদিকে টানা বৃষ্টিপাতে বাজারে এখন পর্যন্ত ক্রেতা শূন্য হয়ে রয়েছে।   
ঝলক ফ্যাশনের মালিক কদ্দুছ মিয়া জানান, হাওর      
অঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় একটি বড় অংশের ক্রেতারা এবার আসছেন না। এছাড়া প্রবাসীরাও কম এসেছেন যারা এসেছেন তারা ফসল ডুবির ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ডাল বিতরণ করছেন। ফলে ভাটা পড়েছে ঈদের ব্যবসায়।  
উল্লেখ্য চৈত্র মাসে অকাল বন্যায় উপজেলার বৃহৎ হাওর নলুয়াসহ সবকটি হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ায় হাওর অঞ্চলে নিদান চলছে। ফলে এবার ঈদে নতুন পোষাক কিনছেন না এসব এলাকার বাসিন্দারা।

  • [১]