- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা -পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন,‘ ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম ও দুর্নীতি আগের তুলনায় অনেকটা কমে এসেছে। এবারও যদি কোনো দুর্নীতি ও অনিয়ম হয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের ভয়ে হাওরের বাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখব না। অনিয়ম নজড়ে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেকোনো মূল্যে হাওরের বাঁধের কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত করতে হবে।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাচিভাঙ্গা হাওরে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বাঁধের বিল প্রদান প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন,‘সুষ্ঠুভাবে- নিয়ম মোতাবেক বাঁধের কাজ করলে, বিল পেতে বেগ পেতে হবে না। নির্ধারিত সময়ে বিল পরিশোধ করা হবে। কাজের গুণগতমান বজায় রেখে বাঁধের সংস্কার ও নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) সমশাদ বেগম, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরী প্রমুখ।
এর আগে বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাথারিয়া ও পূর্ব পাগলা ইউনিয়নের সাতশত হতদরিদ্র পরিবারের মাঝে গভির নলকূপ বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
এদিকে দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণিতে রিপোর্টার্স ইউনিটির নব-নির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

  • [১]