- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরে বাঁধ পরির্দশনে পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্রসোনার থাল হাওরের ভেঙে যাওয়া ডুবাইল ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন। মঙ্গলবার সকালে ওই বাঁধ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘আগাম বৃষ্টি হওয়ার কারণে আসামের চেরাপুঞ্জি থেকে পানি এসেছে। তারপরও আমাদের লোকজন কাজ করছে। দ্রুততার সাথে এই ক্ষয় ক্ষতি যাতে যত কম হয় এবং ক্ষতি কাটিয়ে ওঠা যায় তার জন্য সবাই মিলে কাজ করছে।’
বাঁধ নির্মাণে বিভিন্ন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাজ দেখছি মাত্র। একটি দেখলাম। আরো দেখবো তারপর আমরা একটি রিপোর্ট আকারে তুলে ধরবো।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬ উপজেলার বিভিন্ন হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে পানি সম্পদ মন্ত্রণালয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়োয়ার উল হালিম ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোবাশশেরুল ইসলাম।

  • [১]