- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
হাওরাঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘যেখানে মাছের মড়ক আছে, সেখানে মাছ ধরতে গত ২০ এপ্রিল সকাল থেকে নিষেধ করেছিলাম আমরা। এখন মাছের মড়ক কোথাও নেই। ঐ সময়েও আমরা সকল স্থানে নিষেধাজ্ঞা আরোপ করিনি। কেবল যেখানে আক্রান্ত, সেখানে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল। এরপরও মাছ ধরেছেন অনেকে। আজ (মঙ্গলবার) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’
জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস বলেন,‘মাছের মড়ক লেগেছিল বলে অগভীর জলাশয়ে মাছ ধরতে এক সপ্তাহের জন্য নিষেধ করা হয়েছিল। যে কারণে নিষেধ করা হয়েছিল, সেই অবস্থা এখন আর নেই। এজন্য জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে কোথাও পঁচা মাছ পাওয়া গেলে, তা না খাওয়ার পরামর্শও দিয়েছি আমরা।’
গত ১৬ এপ্রিল থেকে সুনামগঞ্জের হাওরাঞ্চলের কিছু কিছু জায়গায় মাছের মড়ক শুরু হয়েছিল। ২-৩ দিন জেলার বিভিন্ন উপজেলার হাওরে ব্যাপকভাবে মাছ মরেছে। পরে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হওয়ায় পানিতে দূষণের মাত্রা কমে মাছের মড়ক কমেছে।
হাওরে মাছের মড়ক শুরু হওয়ায় মৎস্য গবেষণা কেন্দ্রের একটি বিশেষজ্ঞ দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের গবেষক দল এবং সর্বশেষ গত ২৩ এপ্রিল পরমাণু শক্তি কমিশনের ৩ সদস্যের গবেষক দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, দেখার হাওর, মাটিয়ান হাওর এবং করচার হাওরের পানি পরীক্ষা করেছেন। পানি পরীক্ষা শেষে গবেষকরা বলেছেন,‘হাওরের হাজার হাজার হেক্টর ধান মানুষের ঘরে ওঠার কথা ছিল। সেগুলো পানির নিচে গিয়ে পচাঁর কারণে বিষাক্ত গ্যাস-বিষাক্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। সে কারণে দূষণ দেখা দিয়েছিল।’ গবেষকরা জানিয়ে ছিলেন, প্রাকৃতিকভাবেই এই দূষণের মাত্রা কমবে। বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হলেই এই দূষণের মাত্রা কমে আসবে।

  • [১]