- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওরে শিলাবৃষ্টি, মরার উপর খাড়ার ঘা

স্টাফ রিপোর্টার
কৃষকদের দুর্ভোগ একের এক বেড়েই চলছে। টানা বৃষ্টিপাতে হাওর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পঁচে যাচ্ছে বোরো ফসল। কোথাও আবার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে পাকা ধান। পঁচে গলে নষ্ট হওয়া এবং বাঁধ ভেঙে তলিয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে যোগ হচ্ছে ভয়াবহ শিলাবৃষ্টি। যদিও চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকেই পর পর বেশ কয়েকদিন শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয়েছিল অনেক হাওরের। বুধবার রাতে আবারো কয়েকদফা শিলাবৃষ্টিতে অনেক হাওরের পাকা ধান ঝরে পড়েছে।
স্থানীয় সূত্রে বুধবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জামালগঞ্জের হালির হাওরের পূর্ব অংশ উপজেলার বেহেলী ইউনিয়নের রাজাপুর,বাগহাটি, হরিমাপুর,সাচনা,কালীপুর, লম্বাবাঁক, জামালগঞ্জ সদর উপজেলাসহ আশপাশের বেশকিছু গ্রাম ও বৃহত্তর পাগনার হাওরের উত্তর অংশের ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা, বীরগাঁও হাসকুড়িসহ আশপাশের বেশকিছু গ্রামের হাওর, শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর, ঢালা, রামেশ্বরপুর, কাঠালিয়া, জয়কলস ইউনিয়নের সুলতানপুর, শান্তিগঞ্জ, ডুংরিয়া, তেঘরিয়া, উজানীগাঁও, বগলাকাড়া, নোয়াখালী, ইমাননগর, জামলাবাজ, হাসনাবাজসহ বেশ কিছু গ্রাম, উপজেলার দেখার হাওর, খাই হাওর, সানহাই হাওর, গামাইর হাওরের ফসল নষ্ট হয়েছে। এসব গ্রামের কাঁচা ঘর-বাড়ির ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাজাপুর গ্রামের গৃহস্থ দিপায়ন তালুকদার বলেন,‘ বৃষ্টির পানিতে হাওরের    
ধান তলিয়ে যাচ্ছে। শিলাবৃষ্টি বেশ কয়েকদিন আগে কয়েক দফা হয়েছে। কিন্তু বুধবার যেভাবে শিলাবৃষ্টি হয়েছে আমার জীবনেও দেখিনি এভাবে এতবড় পাথর পড়তে। জমির সব ধান ও বাড়ি-ঘরের সব টিনের চাল নষ্ট হয়ে গেছে। হাওরের ধানের সাথে ঘর-বাড়িও নষ্ট হয়েছে এবার।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামের স্কুল শিক্ষক শাহানুর মিয়া বলেন,‘ প্রতি বছরই কমবেশী শিলাবৃষ্টি হয়। বুধবার যেভাবে শিলাবৃষ্টি হয়েছে এবং যত বড় পাথর পড়েছে তা কল্পনার বাইরে। হাওরের বোরো ফসল,ঘর-বাড়ি সব ক্ষতিগ্রস্ত হয়েছে।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের বাসিন্দা সদর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন,‘ বুধবার রাতের শিলাবৃষ্টি আশপাশের সব গ্রামের বোরো জমির ফসল ও ঘর-বাড়ির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেরই টিনের ঘরে চালা নতুন করে তৈরি করতে হবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘ জামালগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বেশ কিছু হাওরের বোরো ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিকভাবে ক্ষয়-ক্ষতির হিসাব জানা যায় নি। প্রাথমিকভাবে এক শ’ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

  • [১]