বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের হাওর এলাকার ঝুঁকিপূর্ণ নদী-খাল ও ক্লোজারগুলোয় রাবারড্যাম নির্মাণের উদ্যোগ নিয়েছে এলজিইডি। এলজিইডি কর্তৃপক্ষ এই লক্ষ্যে ১৫ টি রাবারড্যামের প্রকল্প প্রস্তাবনা তৈরি করছে। সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন,‘খরচার হাওরের ফসল রক্ষায় নির্মিত গত বছরের দুটি রাবার ড্যামের সফলতায় আমরা উৎসাহিত হয়েছি। আমাদের ধারণা প্রস্তাবিত ১৫ টি এলাকায় রাবার ড্যাম নির্মিত হলে জেলার কয়েকটি বড় হাওরের ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা হবে। একই সঙ্গে কিছু কিছু এলাকায় পানি আটকিয়ে চাষের জমি বাড়ানো সম্ভব হবে’।
এলজিইডি’র প্রকৌশলীরা জানান, জেলার করচার হাওরের গজারিয়া ও ঘাগটিয়ার ক্লোজারে বাঁধ নির্মাণের জন্য প্রতিবছরই কোটি কোটি টাকা ব্যয় হয়ে আসছিল। কিন্তু বেশিরভাগ মৌসুমেই হয় বাঁধ ভেঙে, না হয় বাঁধ উপচে হাওরে পানি ঢুকেছে। এই অবস্থায় এলজিইডি’র উদ্যোগে গত বছর (২০১৫ সালে) গজারিয়ায় ২২ কোটি এবং ঘাগটিয়ায় ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দ’ুটি রাবারড্যাম নির্মাণ হয়েছে। অকাল বন্যায় গত বছর জেলার অন্যান্য হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেলেও করচার হাওরের এই দুটি ক্লোজার ভাঙেনি। পানি উপচে হাওরে প্রবেশ করেনি। এটি উৎসাহিত করেছে এলজিইডি’র উর্ধ্বতনদের।
এলজিইডি মনে করছে হাওরের ক্লোজারগুলোয় রাবারড্যাম নির্মাণ হলে ফসল রক্ষা হবে। উৎপাদন বাড়বে। কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটবে।
এলজিইডি সূত্রে জানা গেছে, জেলার নলুয়ার হাওর রক্ষার জন্য ৩টি রাবার ড্যাম হবে। এগুলো হচ্ছে বড় ডহরের পাশে কাটা গাঙে, কলইখাড়ার নিকটে এবং বেতাউকার পাশে। এছাড়া দেখার হাওরের ফসল রক্ষার জন্য উতারিয়ায় রাবারড্যাম হবে। ধর্মপাশার মহেষখলা, রূপনগর, বগলিছড়া, লাকমাছড়া, তাহিরপুর উপজেলার ভোগলাখালি, গাগলাখালি, টঙ্গি, উবদাখালি। জামালগঞ্জের বেহেলী নদীতে এবং দিরাই উপজেলার বৈশাখী খালে ও বোয়ালিয়ায় রাবারড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ এলজিইডি কয়েক দিনের মধ্যেই এসব রাবার ড্যামের প্রকল্প প্রস্তাবনা এলজিইডি’র সদর দপ্তরে পাঠাবে।
করচার হাওর পাড়ের মুক্তিখলা গ্রামের কৃষক নুরুল আমিন বলেন,‘সারা জেলার হাওরগুলোর ফসল এবার পানিতে ডুবে গেলে গজারিয়া ও ঘাগটিয়ায় রাবারড্যাম নির্মাণ হওয়ায় এই হাওরের ফসল ডুবেনি। যে টুকু ক্ষতি হয়েছে জলাবদ্ধতায় (বৃষ্টির পানি আটকে)।’ এই কৃষক জানান, একইভাবে বিএডিসি কর্তৃক মিছাখালি নদীতে ৩৫ কোটি টাকায় নির্মত রাবারড্যামের এবারের উপকারিতাই ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন,‘হাওরের খালে-ক্লোজারে রাবারড্যাম নির্মাণ পরিবেশ বান্ধব প্রকল্প। করচার হাওরে দুটি রাবারড্যামের এক বছরের উপকারিতা আমাদের উৎসাহিত করেছে। এই দুটি ছোট নদী দিয়ে এই বছর হাওরে সামান্য পানিও প্রবেশ করেনি। আগামী বোরো মৌসুমের সেচের জন্যও এই দুটি রাবারড্যাম পানি আটকে রাখতে পারবে। নদী দিয়ে বর্ষায় নৌকা চলবে। মাছের যাতায়াতে বিঘœ সৃষ্টি হবে না। এজন্য আরো ১৫ টি রাবারড্যামের প্রস্তাব আমরা তৈরি করেছি। এই প্রকল্পগুলো অনুমোদিত হয়ে কাজ হলে, ভবিষ্যতে হয়তো আরো রাবারড্যাম প্রকল্পের উদ্যোগ নেওয়া হতে পারে এবং অকাল বন্যার ক্ষতি থেকে ফসল রক্ষার সম্ভাবনাও তৈরি হবে’।