- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হাওর দুর্নীতিতে দুদকের তদন্তের সিদ্ধান্ত স্বস্তিকর

দুর্নীতি দমন কমিশন (দুদক) সুনামগঞ্জের হাওর দুর্নীতির তদন্ত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের পরিচালক বেলাল হোসেনকে প্রধান করে ইতোমধ্যে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দুদক গত দুই বছরে সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে মোট ২৫ কোটি টাকা টাকা দুর্নীতির অভিযোগে এই তদন্ত পরিচালনা করবে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। হাওর এলাকার ফসল রক্ষা বাঁধে প্রতিবছর পাউবো-ঠিকাদার-পিআইসি মিলে যে দুর্নীতির মহোৎসব হয়ে আসছে তাতে কখনও কাউকে জবাবদিহিতার সন্মুখিন হতে দেখা যায় নি। বস্তুত দুর্নিিতবাজরা বেপরোয়া হয়ে গিয়েছিলো। তাদের বেপরোয়া মনেবৃত্তি এমন এক পর্যায়ে চলে গিয়েছিলো যেখানে তারা এক টাকার কাজ না করেও বরাদ্দের পুরো অংশ তুলে নিতে চাচ্ছিল। এবার এই দুর্নীতিবাজদের কারণে সুনামগঞ্জের প্রায় ৯০ শতাংশ বোরো ফসল পানির নীচে তলিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমে ব্যাপকভাবে এই ফসল হানি ও দুর্নীতির খবরাখবর প্রকাশিত হচ্ছে গত পনের দিন যাবৎ। এমনকি বাঁধ নির্মাণের মৌসুম শুরু হওয়ার পর থেকেই বাঁধের প্রতি গণমাধ্যমসমূহ সতর্ক দৃষ্টি রেখে আসছিল এবং নিয়মিত বিভিন্ন বাঁধের কাজের উপর রিপোর্ট প্রকাশ করেছে। জাতীয় গণমাধ্যমও এই বিষয়ে মুখ ফিরিয়ে রাখেনি। প্রত্যাশিত পরিমাণে না হলেও উল্লেখযোগ্যভাবেই হাওরের ফসল হানি ও দুর্নীতির বিষয়টি জাতীয় গণমাধ্যমে স্থান পেয়েছে। ফসল হানির পর এই দুর্নীতির বিরুদ্ধে পুরো হাওর অঞ্চল ফুঁসে উঠেছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ-মানববন্ধনের মতো কর্মসূচী পালিত হয়ে আসছে। এমন এক প্রেক্ষাপটে সংগত কারণেই সকলেই প্রত্যাশা করেছিলেন দুদক এই বিশাল দুর্নীতির তদন্ত করুক। অবশেষে সেই প্রত্যাশা পূরণ করল দুর্নীতি দমন কমিশন। তাদেরকে ধন্যবাদ।
সমাজে ক্যানসার কোষের মতো জায়গা করে নেয়া দুর্নীতি আমাদের যাবতীয় অর্জনকে ধ্বংস করে দিচ্ছে। জাতীয় অগ্রগতিকেই শুধু বাধাগ্রস্ত করছে না এই দানব বরং আমাদের জাতীয় চরিত্রকে কলংকিত করে চলেছে এই দুর্বৃত্ত। সরকারি সম্পদ তছরুপ তথা পাবলিক সার্ভেন্টদের দুর্নীতির তদন্ত করার জন্য দুদক গঠন করা হলেও সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের সফলতা উল্লেখযোগ্য নয়। এজন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি প্রধানত দায়ী। দুদকের বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর যেভাবে নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন সেখানে মানুষের প্রত্যাশার জায়গাটি কিছুটা বেড়ে গিয়েছিলো। সরকার দুদকের কর্মকা-ে হস্তক্ষেপ করছেন এমন বাস্তবতাও আগের তুলনায় এখন অনেক কম। এইরকম একটি অবস্থায় সুনামগঞ্জের হাওর দুনীতির বিষয়টি দুদক খতিয়ে দেখুক এরকম একটি জনআকাক্সক্ষা তৈরি হয়ে গিয়েছিলো। এটিকে ধারণ করেছে দুদক।
তদন্ত কমিটির মাধ্যমে দুদক প্রাথমিক যে প্রত্যয় ব্যক্ত করলেন সেটিকে আরও সংহত জায়গায় নিয়ে যেতে হবে। প্রভাবমুক্ত হয়ে তাদেরকে তদন্ত পরিচালনা করতে হবে। দুর্নীতিবাজরা অপরাধের প্রমাণ লুকিয়ে ফেলার চেষ্টা শুরু করেছে নিশ্চয়ই। হাওরে পানি চলে আসায় আবার তাদের পোয়াবার অবস্থা হয়েছে। তারা বলবে বাঁধ যথাযথ দৈর্ঘ্য-প্রস্থ অনুসারেই তৈরি হয়েছে। এখন পানি এইসব ভাসিয়ে নিয়েছে। এখানেই দুদককে নিজেদের দক্ষতার পরিচয় দিতে হবে। আইনসিদ্ধ পন্থায় তদন্ত ও স্বাক্ষীসাবুদ সংগ্রহ করে তারা যদি দুর্নিিতবাজদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারেন তাহলে তাদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ অনেক বেড়ে যাবে। আর একবার দুর্নীতিবাজদের বিচার হলে ভবিষ্যতে এই জায়গায় যেকেউ কিছু অনিয়ম করতে দশবার চিন্তা-ভাবনা করবে।
দুদকের তদন্তের মধ্য দিয়ে সুনামগঞ্জের দুই হাজার কোটি টাকার ফসল হানির জন্য দায়ী ব্যক্তিরা উপযুক্ত শাস্তি পাক এই আমাদের কামনা।

  • [১]