স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বাজারে হাকডাক করে ৪২ হাজার টাকায় বিক্রয় হলো বিলুপ্ত প্রজাতির বাঘাইড় মাছ। সুরমা নদী থেকে ২৮ কেজি ওজনের এই মাছটি বুধবার দুপুরেই আহরণ করেন জেলেরা।
পরিবেশবাদী সংগঠন আইইউসিন (International union for conservation of nature) এর ২০১৫ খ্রি. প্রকাশিত রেডলিস্টে বাংলাদেশে মিঠাপানির ২৫৩ মাছের মধ্যে ৬৪ টি মাছকে তিনটি ক্যাটাগরিতে পরিবেশগত হুমকিগ্রস্ত বলা হয়েছে। এটি হচ্ছে মহাবিপদাপন্ন, বিপদাপন্ন ও বিপন্ন। বাংলাদেশে বাঘাইড় মাছের দুটি প্রজাতি রয়েছে।
Bagarius bagarius (বাগারিয়াস বাগারিয়াস) প্রজাতিটি সুরমা, কুশিয়ারা, সাঙ্গু, তিস্তা, ধরলাসহ বিভিন্ন নদীতে পাওয়া যায়।
বুধবার সুনামগঞ্জ শহরের কিচেন মার্কেটে আনা হয় ২৮ কেজির বাঘাইড় মাছটি। দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা নদী থেকে জাল দিয়ে বিশাল এই মাছ আহরণ করেন স্থানীয় ৪ জন জেলে। পরে তারা সুনামগঞ্জের বাজারে এনে মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন এই মাছ। বাজারের ব্যবসায়ীরা মাছটি বড় হওয়ায় অনেকেই দাম দর হাকেন। কিন্তু অধিক দাম হওয়ায় পুরো মাছটি কিনতে পারেন নি কোন ক্রেতা। পরে বিকালে মাছটি কেটে ১৫শ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
বাজারের মৎস্য ব্যবসায়ী মামুনুর রশীদ বললেন, আমি এর আগেও অনেক বড় বাঘাইড় কেটেছি। এর আগে ৮০ কেজির একটি বাঘাইড়ও কেটেছি।
মৎস ব্যবসায়ী আজাদ মিয়া বললেন, দুপুর থেকেই অনেক ক্রেতা আসছেন, কিন্তু মাছটি বিক্রি করতে পারি নি। এতো বড় মাছ বেশি সময় রাখাও যায় না। তাই কেটে কেজি হিসেবে ৪২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। এই মাছ বিক্রি নিষিদ্ধ এমন টা আমরা জানিনা, কখনো শুনিনি। আরেক ব্যবসায়ী মো. আলী বললেন, এই মাছ খেতে অনেক সুস্বাদু। হরিণের মাংশের মতো স্বাদ।
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ-উল-আলম বললেন, এটি মহা বিপদাপন্ন প্রজাতির মাছ। এজন্য আহরণ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ। তিনি অবশ্য বলেছেন, বাগারিয়াস বাগারিয়াস মাছের বিস্তৃতি ও জনসংখ্যা বেশ ভালো। বাঘাইড় মাছের অন্য প্রজাতি বাগারিয়াস ইয়্যারেলি মাছের বিস্তৃতি ও পপুলেশন সম্পর্কে কোন তথ্য নেই। ২৫৩ টি মাছের প্রজাতির মধ্যে ৪০ প্রজাতির মাছের তথ্য ঘাটতি আছে। বাংলাদেশে এইসব মাছের উপস্থিতি ও বিস্তৃতির বিষয়ে অধিক অনুসন্ধান ও গবেষণা প্রয়োজন।
মৎস কর্মকর্তা সুনীল মন্ডল বললেন, বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মহাবিপন্ন বাঘাইড় আহরণ করলে ৫০ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদন্ড অথবা উভয়দন্ডে দ-িত হতে পারেন। সুনামগঞ্জের বাজারে এ ধরণের মাছ বিক্রয়ের বিষয়টি তারা জানা নেই বলে মন্তব্য করেন তিনি।