শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে শত্রুমর্দন হাজিপাড়া ফুটবল প্রিমিয়ার লীগের প্রথম আসর সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে লীগের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এলিভেন ড্রাগন্স ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রয়েল চ্যালেঞ্জার্স এফসি। টুর্নামেন্টে সেরা খেলোয়ার হওয়ার মুকুটটি উঠে চ্যাম্পিয়ান দলের স্ট্রাইকার মুহাম্মদ সাদিক আহমদের মাথায়। লীগটির আয়োজন করে দূরন্ত স্পোর্টিং ক্লাব, হাজিপাড়া।
খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।
ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ফয়জুল হকের সভাপতিত্বে ও শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, রয়েল চ্যালেঞ্জার্স এফসির দলীয় ব্যবস্থাপক দীপক দে ও শত্রুমর্দন (হাজিপাড়া) একতা যুব সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. জমির হোসেন।
খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার মো. জাকার উদ্দিন। ধারাবিবরণ করেন মো. নাসির আলী। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।