মোস্তাক আহমাদ দীন
হানাবাড়ি অথবা রয়েল বেঙ্গল টাইগারের গল্প
এক আশ্চর্য ঘূর্ণিবাত্যায় একদিন
আমাদের স্থিরশান্ত বাড়ি
পরিণত হয়ে গিয়েছিল হানাবাড়িটিতে,
অথবা এও বলা যায়
কোনো জান্তব স্রোতে সকল বাড়িঘর
পরিণত হয়ে গিয়েছিল চিড়িয়াখানায়
আর চারদিকে শুরু হল
ঘেউ-ঘেউ হ্রেষা ও বৃংহনÑ
সমস্ত কিম্ভুত পশুর ডাক
শক্ত মাটির দেয়ালে ধাক্কা খেতে-খেতে
ছড়িয়ে পড়ল দশ দিকে
সারা বাংলায়
আমরা জেগে উঠলাম
পশুরা কি জানত
এই সব দেখে-শুনে ক্ষেপে গিয়ে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল কাঁপিয়ে
একদিন গর্জন করে উঠবে রয়েল বেঙ্গল টাইগার?