- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হানিফ ও আহমদ হোসেনকে স্বাগত জানিয়েছেন আওয়ামী নেতৃবৃন্দ- সিলেট বিভাগের আ.লীগের সাংগঠনিক দায়িত্ব বণ্টন

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল বলয়ের নেতৃবৃন্দ।
বুধবার দায়িত্ব পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির। এসময় কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক গৌতম বণিক, জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক হাবিব আল হাসান তপু, যুবলীগ নেতা দুলন আহমদ উপস্থিত ছিলেন।
সকল বলয়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন নতুন নেতৃত্ব সিলেটে বিভাগের রাজনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করে তোলবেন। তাদের নেতৃত্বে সিলেট বিভাগে সাংগঠনিক গতিশীলতা ও সংহতি বাড়বে।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দই যোগ্য। যাদেরকে সিলেট বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে তাঁরাও যোগ্য নেতা। তাদের নেতৃত্বে
সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সব ক’টি জেলায় আওয়ামী লীগ শক্তিশালী হবে ও দলের সাংগঠনিক কাজে গতি বৃদ্ধি হবে। তৃণমূলের নেতাকর্মীরা দলকে শক্তিশালী করে নির্বাচনকে লক্ষ্য রেখে কাজ করবেন।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির বলেন, ‘সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নতুন নেতৃবৃন্দকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নতুন নেতৃবৃন্দের সহযোগিতায় সুনামগঞ্জের আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সামনে এগিয়ে নিতে চাই। আওয়ামী লীগের রাজনীতিতে সুনামগঞ্জের সুনাম ধরে রাখতে চাই।’
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আমি স্বাগত ও অভিনন্দন জানাই। আমি আশা করি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করে তোলবেন। আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে যাব। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগ সকল বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘ নেতৃত্বের পরিবর্তন হয়নি। শুধুমাত্র নেতৃবৃন্দের স্থান পরিবর্তন করা হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন তারাও দায়িত্বশীল ও যোগ্য। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন একজন গতিশীল ও সক্রিয় রাজনীতিবিদ। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে এখানে এসেছেন। আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা করব।’
উল্লেখ্য, বুধবার আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল আলম হানিফকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দলীয় কর্মকান্ড দেখাশোনা করবেন। জাহাঙ্গীর কবির নানককে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুর রহমান পেয়েছেন বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেনকে সিলেট বিভাগ, মিসবাহ উদ্দিন সিরাজকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বি এম মোজাম্মেল হক পেয়েছেন রংপুর বিভাগের দায়িত্ব, আ ফ ম বাহাউদ্দিন নাছিম বরিশাল বিভাগের দায়িত্ব সামলাবেন। এ কে এম এনামুল হক শামীমকে চট্টগ্রাম বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরীকে রাজশাহী বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে খুলনা বিভাগ এবং মহিবুল হাসান চৌধুরীকে (নওফেল) ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

  • [১]