ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে অটোটেম্পু চালকদের মারধর করাকে কেন্দ্র করে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকদের দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। গোবিন্দগঞ্জে দু’ ড্রাইভারকে মারধর করার ঘটনায় মঙ্গলবার সকাল উভয় ষ্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ফলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ছাতক ও গোবিন্দগঞ্জ ষ্ট্যান্ডের সকল অটোটেম্পু-অটোরিক্সা চলাচল বন্ধ হয়ে পড়ে।
জানা যায়, ছাতক ও গোবিন্দগঞ্জ ষ্ট্যান্ড ভিত্তিক অটোটেম্পু শ্রমিদের মধ্যে যাত্রী উঠা-নামার বিষয় নিয়ে গত ক’দিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার গোবিন্দগঞ্জে ছাতক ষ্ট্যান্ডের দুই চালককে মারপিট করে গোবিন্দগঞ্জের চালকরা। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ছাতক শহর থেকে নিয়ম বহির্ভুতভাবে যাত্রী পরিবহন করার চেষ্ট করলে গোবিন্দগঞ্জ ষ্ট্যান্ডের এক চালককে মারধর করা হয়। এ ঘটনায় উভয় ষ্ট্যান্ডের অটোটেম্পু শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। মুহূর্তের মধ্যে উভয় ষ্ট্যান্ডের শ্রমিকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে মখোমুখি অবস্থান নেয়। ছাতক ষ্ট্যান্ডের শ্রমিকরা সড়কের নৌাকাকান্দি এলাকায় এবং গোবিন্দগঞ্জ ষ্ট্যান্ডের শ্রমিকরা ঝাওয়া ব্রীজে অবস্থান নিয়ে মহড়া প্রদর্শন করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় স্ট্যান্ডের নেতৃবৃন্দকে তলব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এসময় অন্য যানবাহন চলাচল করলেও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ছাতক ও গোবিন্দগঞ্জ স্ট্যান্ডের সকল ফোরষ্ট্রোক চলাচল বন্ধ রাখা হয়েছে।