- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হালি হাওরে গোখাদ্যের সঙ্কট, পানির দামে গরু বিক্রি

বিশ্বজিত রায়, হাওর থেকে ফিরে
‘ধান তো গেছেই, গরু পালাডাও এখন অসম্ভব। যারার খেড়—কুডার বেশি ক্ষতি হইছে তারাই হস্তায় গরু বেচতাছে। আমিও তো ছয়ডা গরু বেচছি। আমি যে গরুডি বেচতাছি, এই গরুডি তো আমার বেচার মতো আছিল না। খেড় না থাকায় বাধ্য হইয়া পঞ্চাশ হাজার টেকার গরু ত্রিশ—পাঁইত্রিশ হাজার টেকায় বেচন লাগতাছে। আমরার গ্রামের অনেকেই এইরকম গরু বেচতাছে।’ জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের হালি হাওর পারের কৃষক মো. আমিনুল হক এ কথাগুলো বলেন।
গোখাদ্যের সঙ্কটে পানির দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন জামালগঞ্জের হালি হাওর পারের অধিকাংশ কৃষক। গত ২৪ এপ্রিল রাতে বাঁধ ভেঙ্গে হালি হাওরের নিম্নাংশ তলিয়ে গেলে তৎসংলগ্ন কয়েকটি গ্রামের খলায় স্তুপ করা ধান ও খড়ের গাদা পানিতে ভেসে যায়। এর সাথে তলিয়ে যায় হালি হাওরের উত্তর—পশ্চিম অংশের কাটার বাকি প্রায় ৩০ ভাগ পাকা—আধাপাক ধান। এতে হালি হাওরপাড়ের কৃষকেরা গৃহপালিত পশুর খাবার উপযোগী প্রয়োজনীয় খড় ঘরে তুলতে পারে নি। চোখের সামনে সোনালী ফলন তলিয়ে যাওয়ার কষ্ট কাটিয়ে উঠতে না উঠতেই কৃষকেরা গোখাদ্যের সঙ্কটে প্রায় দিশেহারা হয়ে নিজেদের গোয়ালভরা গরু নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন। আবার অনেকে গরু বিক্রি করতে পাইকারের খেঁাজ করছেন। এতে হাওড়পারের কৃষকের মাঝে চরম অস্বস্তি কাজ করছে বলে জানা গেছে।
খেঁাজ নিয়ে জানা যায়, হাওরপাড়ের প্রায় সব বাড়িতেই কম—বেশি গরু আছে। এ বছর হাওর ডুবি ঘটনায় কৃষকের মাথায় গরু বিক্রির বাড়তি যন্ত্রণা চেপে বসেছে। ২০১৭ সালের হাওর বিপর্যয়ের পর এ বছর হালি হাওরের উত্তর—পশ্চিম ও দক্ষিণ—পশ্চিম অংশের মাহমুদপুর, হরিনাকান্দি, পৈন্ডুব, দুর্গাপুর, মদনাকান্দি, সহদেবপুর, আছানপুর, হরিপুর, উলুকান্দি, যতীন্দ্রপুরসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক কৃষক পরিবার অন্তত পাঁচ শতাধিক গরুবাছুর বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। এর মাঝে আরও অনেকে গরু বিক্রি করতে পাইকারদের পিছু নিয়েছেন।
বাঁধ ভেঙ্গে হাওর তলিয়ে যাওয়ায় অনেকে এক গাদা খড়ও ঘরে তুলতে পারেননি। এদের কারও হাওরে স্তুপ করে রাখা খড় পানিতে ভেসে গেছে, কেউবা অবশিষ্ট জমি তলিয়ে যাওয়ায় প্রয়োজনীয় খড় পাননি। এর মাঝে কেউ কেউ আগেভাগে কিছু খড় ঘরে তুলতে পারলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে গোখাদ্যের সঙ্কট দেখা দেওয়ায় অনেকে গোয়াল খালি করে গরু বিক্রি করে দিচ্ছেন। কেউ গোয়ালের অর্ধেক গরু বিক্রি করেছেন, আবার কেউ সব বিক্রি করে দিয়েছেন। হাওরপাড়ের কৃষকেরা অস্বস্তির সুরে এমনটাই জানিয়েছেন।
বাঁধ ভেঙ্গে যাওয়ার পরদিন (২৫ এপ্রিল) হালি হাওর ঘুরে দেখা গেছে, হাওরে পানি চলে আসায় কৃষক—কৃষাণীদের মাঝে তাড়াহুড়ো ও চরম ব্যস্ততা কাজ করছে। হাওরের অবশিষ্ট ধান কাটা বাদ দিয়ে সবাই খলায় জাগ করা ধান একটু উঁচু জায়গায় তুলতে হন্যে হয়ে ছুটেছেন। তখন খলার আধা শুকনো ধান তুলতে গিয়ে কৃষক—কৃষাণীদের খড়ের দিকে তেমন নজর ছিল না বলেই মনে হয়েছে। এতে করে প্রায় বেশির ভাগ কৃষকের খড় পানিতে ডুবে গেছে। এ সময় কৃষকেরা কোনরকম খানি—খোড়াকের ধান তুলতে পারলেও গোখাদ্যের উপযোগী খড় তারা ঘরে তুলতে পারেন নি। তলানো হাওরের অনেক জায়গায় ডুবোকৃত খড়ের গাদার উপরাংশের মাথাটুকু ভেসে থাকতেও দেখা গেছে।
মামুদপুর গ্রামের কৃষক ও সাবেক ইউপি সদস্য মো. মসিউর রহমান বলেন, হাওর ডুবার কারণে জমি তল হইছে, শুকনা খেড়ও নষ্ট হইছে। যার কারণে ৫ টা গরু বিক্রি করছি আর বাকি ৫—৬টা আত্মীয়—স্বজনের বাড়িতে দিছি। খেড়ের অভাবে গ্রামের প্রায় সবাই গরু বিক্রি করেছে।
গরু কিনতে আসা পাইকার মো. উজ্জ্বল হোসেন জানিয়েছেন, খড়ের অভাব ও ঋণের তাগিদে গৃহস্থরা গরু বিক্রি করে দিচ্ছেন। এ মুহূর্তে তিনি আছানপুর থেকে ১২—১৩টি গরু কিনেছেন। এখন হরিপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। মামুদপুর, দুর্গাপুর ও মদনাকান্দি থেকেও ৫০—৬০টি গরু কিনেছেন। সবকিছু মিলে প্রায় ১৫০টি গরু কিনেছেন তিনি। আরও পাইকাররা আছে, তারাও গরু কিনে নিচ্ছেন বলে জানিয়েছেন ওই পাইকার।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গোখাদ্যের সঙ্কটে পড়া কৃষকদের ব্যাপারে কোন প্রণোদনার ব্যবস্থা নেই। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নির্ধারণ করে তালিকা প্রস্তুত করে উর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে পাঠিয়ে দেব। পরবর্তীতে যদি কতৃর্পক্ষ কোন সিদ্ধান্ত নেয় তাহলে আমরা ব্যবস্থা নেব।

  • [১]