স্টাফ রিপোর্টার
সদর উপজেলার হালুয়ারঘাট বাজারের যথাযথ উন্নয়ন নেই। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত হয়ে আসছে এই বাজার। ব্যবসায়ীরা বাজারের উন্নয়নের দাবি জানিয়েছেন।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, দীর্ঘ ৩০ বছরে তিলে তিলে গড়ে উঠেছে হালুয়ারঘাট বাজার। বর্তমানে এই বাজারে ১৫০টি স্থায়ী দোকানঘর রয়েছে। বাজারে রয়েছে মোদী মালের দোকান, সবজির দোকান, চাউলের দোকান, হোটেল রেস্তোরা, চায়ের দোকান, ফলের দোকান, ফার্মেসী, চিকিৎসকের চেম্বার, মিষ্টির দোকান, স্বর্ণকারের দোকান, সারের দোকান, সেলুন, টিনের দোকানসহ নানা রকমের দোকানপাট। আছে মাছের বাজার। হালুয়ারঘাট বাজার জামে মসজিদও রয়েছে। এই বাজারে প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয়। কিন্তু বাজারে পাবলিক টয়লেট নেই, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা নেই। বাজারে আগত মানুষের মধ্য থেকে কেউ কেউ মসজিদের টয়লেট ও প্রশ্রাবখানা ব্যবহার করে থাকেন।
ব্যবসায়ী মফিজ আলী বলেন, পরিকল্পিত বাজার প্রতিষ্ঠা করলে ব্যবসা বৃদ্ধি পাবে। সেই সাথে বছর বছর বাজার নিলাম হবে। সরকারও রাজস্ব পাবেন।
বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক খসরু মিয়া জানান, হালুয়ারঘাট বাজারের যথাযথ উন্নয়ন হলে সরকারী রাজস্ব বৃদ্ধি পাবে। এই বাজারের উন্নয়নের দাবি আমাদের।
বাজারের সভাপতি ও সুরমা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার জানান, আমার এই হালুয়ারঘাট বাজারকে আরও উন্নয়ন করতে চাই। এই বাজারের উন্নয়ন হলে পাইকারী সবজির বাজার গড়ে তোলা সম্ভব। মাছ বাজারের উন্নয়ন জরুরি প্রয়োজন। বাজারের উন্নয়ন হলে সরকারও বছর বছর রাজস্ব পাবে। রাজস্ব পেলে দেশ জাতির উন্নয়ন হবে।