স্টাফ রিপোর্টার
মরমি কবি হাসন রাজার নাত বৌ মরহুম দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী’র সহধর্মিনী সৈয়দা শামছুন্নাহার খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাত দেড়টায় সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন এই মহিয়সী নারী। তিনি ১১ পুত্র ও ৫ কন্যার জননী হয়েছিলেন।
তিনি সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন এবং সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন এঁর মাতা। তাঁর জামাতা ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মুনসুর আহমদ এমপি।
শুক্রবার বাদ জুমআ তেঘরিয়া ঈদগাহ্ ময়দানে নামাজে জানাযা শেষে মরমি কবি হাসনরাজা ও স্বামী দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী’র কবরের পাশে দাফন করা হয় তাঁকে ।
মরহুমার নামাজে জানাযায় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাছিম হোসাইন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যু সংবাদ শুনে মরহুমার তেঘরিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু, সহসভাপতি লোকমান আহমদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, লেখক-কলামিস্ট অ্যাড. হোসেন তৌফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হুমায়ুন মঞ্জুর সহ বিশিষ্টজনেরা।