আকরাম উদ্দিন
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত ঐতিহ্যবাহী ফলজবাগের গ্রাম হাসাউড়া। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৭ ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই গ্রাম।
গ্রাম ও আশপাশের পাহাড়টিলা জুড়ে বিস্তৃত নানা জাতের ফলজবাগ। এসব ফলজবাগে রয়েছে আনারস, কাঠাঁল, আম ও লিচু। পাশাপাশি রয়েছে কমলার বাগ।
দশ বছর ধরে উৎপাদনশীল কমলাবাগে প্রায় চার বছর আগে থেকে মড়ক দেখা দিয়েছে। ইতিমধ্যে মরে গেছে বাগের অধিকাংশ কমলার গাছ। জীবিত গাছগুলোতে অবশ্য কমলা ধরছে।
জানা যায়, কমলা ফুল আসলেই ভাইরাস আক্রমণ করে। অধিকাংশ ফুল ঝরে পড়ে। ফলে গাছে যে পরিমাণ কমলা আসার কথা সেই পরিমাণ আসে না। আবার যে ফুলগুলো থেকে কমলা হয় সেগুলোও পরে একই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। কমলার সাইজ হয় খুব ছোট। চামড়ায় কালো কালো দাগ পড়ে। ফলন হয় অর্ধেকের চাইতেও কম। রোগে আক্রান্ত এসব কমলা চাষীরা বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হন।
দীর্ঘদিন ধরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে সকল কমলা গাছ মরে নি:শেষ হয়ে যাচ্ছে। কমলার চাষীরা গাছের যতœ নিতে সব ধরনের প্রচেষ্টা নিলেও কিছুতেই গত চার বছর ধরে এই রোগ থেকে বাঁচাতে পারছেন না কমলা গাছগুলো। এসব কথা জানালেন কমলা বাগের মালিক চাষী আব্দুল মনাফ ও আব্দুল হান্নান।
তারা জানান, ৫ জনে মিলে ৫ একর জায়গায় পাহাড় শ্রেণী টিলায় আনারস, কাঁঠাল, লিচু, আম ও পেয়ারা চাষ করছেন। প্রায় ৪০ বছর যাবৎ তারা ফলের আবাদ করছেন। গত ১০ বছর আগে প্রায় ১ হাজার কমলা গাছ লাগিয়েছেন বাগানে। প্রথম কয়েক বছর কমলার ভাল ফলন হয়েছে। প্রতি বছর বাগানের একটি কমলা গাছে কমপক্ষে ২ হাজার কমলা আসতো। ওই কমলা বাজারে বিক্রি করে ভাল মুনাফা পেয়ে আসছিলেন তারা।
গত প্রায় ৪ বছর আগে থেকে প্রতি বছর ঝরে পড়া শুরু করে গাছের কমলা। হঠাৎ কমলা ঝরে পড়ায় হতাশ হয়ে পড়েন চাষীরা। গাছের হাজারো কমলা ঝরে পড়া বন্ধ করতে চেষ্টা শুরু করেন তারা। কৃষি অফিসের পরামর্শ গ্রহণ করেন একাধিক বার। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী মাটিয়া সার, লাল সার কমলা গাছের গোড়ায় ছড়িয়ে দেন। তবুও গাছের মড়ক বন্ধ হয়নি। অবশেষে ওষুধ মেশিন দিয়ে ছিটিয়ে দিয়েছেন কমলা গাছের গোড়ায়। এরপরও কোনো কাজ হয়নি।
চাষী আব্দুল মনাফ বলেন, ‘এই মাটি যদি কমলার চাষের অনুপযুক্ত হতো তাহলে প্রথম ছয় বছর ভাল ফলন হতো না। বুঝাই যায়, কোন অসুখে মরে যাচ্ছে আমাদের কষ্টের লাগানো গাছগুলো। এই মড়ক রোধে আমরা সঠিক কোন পরামর্শও পাচ্ছি না। ’
আব্দুল হান্নান বলেন, ‘কমলা গাছের মড়ক রোধ করতে কৃষি অফিসারের পরামর্শে অনেক ওষুধপত্র প্রয়োগ করেছি গাছে। কিন্তু গাছের কমলা ঝরে পড়া রোধ হয়নি। যে মাটিতে যুগের পর যুগ আনারস, কাঁঠাল, লিচু, পেয়ারার ফলন হচ্ছে, সে মাটিতে কমলা চাষে আলোর মুখ দেখেও এখন কেন এই অবস্থা? ’ জাতীয় স্বার্থে কমলা গাছ বাঁচানোর দাবি জানান চাষীরা।
সদর উপজেলা কৃষি অফিসার মো. সালাহ উদ্দিন টিপু বলেন, ‘হাসাউড়ায় বাগানে কমলা গাছের মড়কের বিষয়টি জানা আছে। চাষীদের আমরা যে পরামর্শ দিয়েছি, সেই পরামর্শ যথাযথভাবে পালন করেননি তারা। আমরা বলেছি, বর্ষার শুরুতে এবং শেষে ইউরিয়া সার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় ফোটা ফোটা করে দিতে। কিন্তু তারা সঠিকভাবে দেননি। ফলে কমলার গাছ মরছে।’ তবে কমলার বয়স্ক গাছ কেটে ফেলে নতুন করে গাছ লাগানো পরামর্শও দিয়েছেন তিনি।