সু.খবর ডেস্ক
যেন রাঙা সকালে মলিন গোধূলি। সকালটা ভালোভাবেই রাঙিয়ে দিয়ে গেছেন দুই টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল ও মমিনুল হক। কিন্তু গোধূলি লগ্নটা কাটল মলিনভাবে। মুখভার করেই পার করতে হল লাল-সবুজের ভক্তদের। তারপরও ইংলিশদের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে হাসি মুখেই দিন শেষ করল মুশফিকরা।
ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানলেন সাকিব আল হাসান। দলীয় ১০ রানের মাথায় ডাকেটকে ফিরিয়ে দিলেন সাকিব। আউট হওয়ার আগে ৭ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এরপর দলনেতা অ্যালিস্টার কুককে এলবির ফাঁদে পেলেন মেহেদী হাসান মিরাজ। আর গ্যারি ব্যালান্সকে ফেরান ব্যক্তিগত ৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটা রুদ্ধশ্বাস হার। তাই শেষ টেস্টে সাকিব-তামিমদের ভাবনায় কেবলই জয়। ঘুরে দাঁড়ানোর এমন
লক্ষ্যে মুদ্রা লড়াইয়ে জিতে ব্যাট হাতে নেয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম।
শুরুটা দারুণ করেন ওপেনার তামিম ইকবাল ও মমিনুল হক। দুজন মিলে গড়েন ১৭০ রানের এক দৃষ্টিনন্দন জুটি। কিন্তু এই দুইজন আউট হওয়ার পর বাকী ব্যাটসম্যানরা ফিরে খুব দ্রুতই। স্কোর বোর্ডে ৩০ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান আরও ৮ জন। শেষমেশ ২২০ রানেই গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৪ রানের ইনিংস খেলেছেন তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান এসেছে মমিনুলের ব্যাট থেকে। এছাড়া মাহমুদউল্লাহ ১৩ রান ও সাকিব করেছেন ১০ রান। বাকী ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
৫৭ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার মঈন আলী। ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। বাকি ২ উইকেট শিকার করেছেন বেন স্টোকস।
দ্বিতীয় টেস্টে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার শফিউল ইসলামের পরিবর্তে খেলছেন অফস্পিনার শুভাগত হোম। এদিকে ইংল্যান্ড দলে রয়েছে দুটি পরিবর্তন। পেসার স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়ে খেলানো হচ্ছে আরেক পেসার স্টিভেন ফিনকে। তাছাড়া স্পিনার গ্যারেথ ব্যাটির পরিবর্তে খেলছেন স্পিন অলরাউন্ডার জাফর আনসারি।