- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

হিলিপের ২৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্প- এক বছরের মাথায় ভেঙ্গে গেছে ছয়হারা বোট ল্যান্ডিং ঘাট

শহীদ নূর আহমেদ
নির্মাণের এক বছরের মাথায় ভেঙ্গে গেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মহাসিং নদী তীরের ছয়হারা বোট ল্যান্ডিং ঘাট। পাকা করে তৈরি করা বসার আসনে ধরেছে ফাটল। আসনের বেইজে কাজের মান দুর্বল হওয়ায় মাটি দেবে ফাটল বড় হচ্ছে। যে কোন সময় ধসে মহাসিং নদীর গহব্বরে চলে যেতে পারে বসার আসনটি। ল্যান্ডিং ঘাটের কাজের মান নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা প্রশ্ন।
কেউ বলছেন, ঘাট তৈরিতে সিমেন্ট কম দেয়া হয়েছে,আবার কেউ কেউ বলছেন রড, বালি,পাথরের পরিমাণ কম হয়েছে। কাজের মান খারাপ না হলে বছর খানেকের মধ্যে কেন আসন ভেঙ্গে যাবে এ প্রশ্ন স্থানীয়দেরও। স্থানীয়রা জানিয়েছেন, ঘাটের ফাটল জোড়াতালি দিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ।
জানা যায়, সুনামগঞ্জ এলজিইডির অধীনে হাওর অঞ্চলের অবকাঠামো ও  জীবনমান উন্নয়ন প্রকল্পে (হিলিপ) দরপত্রের মাধ্যমে ২৯ লক্ষ ৫০ হাজার ৫৪১ টাকা দিয়ে ছয়হারা বোট ল্যান্ডিং ঘাটটি নির্মাণ করা হয়। বাংলাদেশ সরকার স্প্যানিশ ট্রাস্ট ও ইফাতের অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাঈদা ট্রের্ডাস ২০১৫ সালের ১০ ই নভেম্বর ছয়হারা বোট ল্যান্ডিং ঘাটের কাজ সমাপ্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু  
এক বছরের মাথায় ঘাটের কাছে বসার স্থানটিতে ফাটল ধরেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছয়হারা বোট ল্যান্ডিং ঘাটের আসনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আসনের বেইজের গভীরতা কম হওয়ায় মাটি সরে আসন নেমে যাচ্ছে নদীর দিকে। ঘাটের এমন দশায় স্থানীয়দের মধ্যে রয়েছে নানা প্রতিক্রিয়া।
আব্দুল আলীম নামে এম ব্যক্তি বলেন,‘অনেক টাকায় ঘাট নির্মাণ করা হয়েছে। অথচ বছর ঘুরতে না ঘুরতে ঘাটের আসন ভেঙ্গে যাচ্ছে। মনে হচ্ছে যে কোন সময় নদীতে ভেঙ্গে পড়তে পারে।
সুলেমান নামে আরেক ব্যক্তি বলেন, কাজে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। না হলে অল্প দিনে ঘাটে ফাটল ধরবে কেন। শুনেছি আবার জোড়াতালির কাজ হবে।’
দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন বলেন,‘ কাজের মধ্যে যথেষ্ট অনিয়ম হয়েছে। উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বিষয়টি অবগত রয়েছি। তিনি ঘাটটি পরির্শন করেছেন।’
এলজিইডির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খান বলেন,‘ ঘাটটি সম্পর্কে আমি জানি। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক কয়েক মাস হলো মারা গেছেন। তাদের সিকিউরিটির টাকা আমাদের কাছে রয়েছে।  প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিকে ঘাটের সংস্কার কাজের নির্দেশনা দেয়া হয়েছে।’

  • [১]