ড. মোহাম্মদ সাদিক
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরকারের সাবেক সচিব এবং আইজিপি জনাব ফণি ভূষণ চৌধুরী ২৬ মার্চ ২০১৬ তারিখে অপরাহ্নে পরলোক গমন করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা, একাত্তরের রণাঙ্গণের অকুতোভয় সৈনিক, দীর্ঘ কর্মজীবনে অনেক আলোর আকাশ রচনা করে মহাজীবনের পথে যাত্রা শুরু করেন যে দিনে, সে দিনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস।
এবারের স্বাধীনতা দিবসে ফণিভূষণ চৌধুরীর এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে বিষণ্œ সন্ধ্যায় এক ব্যথিত হৃদয়ের বাসিন্দা বানিয়েছে।
ফণিভূষণ চৌধুরী, আমাদের অনেকের ফণি’দা এক বিরল ব্যক্তিত্ব। সুনামগঞ্জের ছাতকে তিনি জন্মগ্রহণ করেন। পিতা নিবারণ চন্দ্র চৌধুরী, মাতা হেলেন রানী চৌধুরী। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য হিসেবে ২৪ নভেম্বর ২০১৪ তারিখে শপথ গ্রহণ করেন ্এবং ঐদিনই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে যোগদান করেন। এর পূর্বে তিনি মহাপুলিশ পরিদর্শকের মর্যাদায় পুলিশ বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে ১০ নভেম্বর ২০১৪ তারিখে অবসর গ্রহণ করেন।
সত্তর দশকের শেষ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৮২ সালের বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি পুলিশ সার্ভিসে যোগদান করে দীর্ঘ কর্মময় জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সদস্য হিসেবে তিনি মোজাম্বিক, ক্রোয়েশিয়া, বসনিয়ায় কর্মরত ছিলেন। তিনি ছিলেন একজন রোটারিয়ান এবং কর্মসূত্রে তিনি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু দেশ ভ্রমণ করেছেন।
ফণিভূষণ চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। এই দেশের স্বাধীনতার জন্যে, রক্তভেজা এই পতাকার জন্যে তাঁর সংগ্রাম যুগ যুগ করে এই জনগোষ্ঠী স্মরণে রাখবে। অকাল প্রয়াত চিরকুমার বাংলাদেশের এক উজ্জ্বল কথাশিল্পী শহীদুল জহিরের খুবই অন্তরঙ্গ বন্ধু ছিলেন তিনি। ব্যাচমেট হিসেবে, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে এই হৃদয়বান মানুষটিকে দেখার এবং জানার বিরল সৌভাগ্য আমাদের অনেকের স্মৃতিতে সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
মাত্র কিছুদিন আগে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে একটি গ্রন্থ রচনার পরিকল্পনার কথা আমাকে জানিয়েছিলেন। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম একটি অসাধারণ ঐতিহাসিক রচনার মূল্যবান দলিল হয়ে থাকবে এই গ্রন্থটি। কিন্তু ফণিভূষণ চৌধুরী যে সেই অলিখিত এক অসাধারণ উপাখ্যানের স্মৃতি বুকে নিয়ে তাঁর পরিপার্শ্বকে কাঁদিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে অনির্বচনীয় এবং অনন্য কোনও স্বাধীনতার জন্যে অন্য কোনও ভুবনে চলে যাবেন Ñ তা কখনও ভাবিনি।
লেখক: কবি, গবেষক, পিএসসির সদস্য ও সাবেক শিক্ষা সচিব।