সু.খবর ডেস্ক
কী আশা করেছিল সবাই, আর কী হলো! দুই দল টুর্নামেন্টে যেভাবে খেলে এসেছে, তাতে দুর্দান্ত এক ফাইনালেরই আশা করেছিলেন সবাই। কিন্তু একপেশে এক ফাইনালই দেখল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের হাজার খানেক দর্শক। সোমবার ক্লাব কাপ হকির ফাইনালে ঊষা ক্রীড়াচক্রকে ৫-১ গোলে হারিয়েছে আবাহনী। আট বছর পর আবারও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আকাশি-নীলেরা। ক্লাব কাপ হকিতে এটি আবাহনীর তৃতীয় শিরোপা।
ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন আবাহনীর পাঁচ পাকিস্তানি খেলোয়াড়। পুরো টুর্নামেন্টে সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি শাফকাত রাসুল-শাকিল আব্বাসীরা। আগের দিন বিকেলে আবাহনীর কোচ মাহবুব হারুন তাঁদের নিয়ে বসেছিলেন আলাদাভাবে। পাকিস্তানি খেলোয়াড়েরা কোচকে কথা দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠবেন। ঠিক তাই হয়েছে।
উষার কোচ মামুনুর রশিদের কোনো কৌশলই কাজে আসেনি। ম্যাচে ঊষাকে খুঁজে পাওয়া গেল শুধু শুরুর মিনিট কয়েক। মালয়েশিয়ান খেলোয়াড় ফাইজাল বিন শারির গোলে সাত মিনিটে এগিয়েও গিয়েছিল দলটি। ওই শেষ! এরপর পুরো ম্যাচে যেন দর্শক হয়েই রইল ঊষা।
অবশ্য আবাহনীর কৃতিত্বকে কোনোভাবেই খাটো করা যাবে না। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া আবাহনী সমতা আনে ১৫ মিনিটে, তোসিক আরশাদের গোলে। ২৮ মিনিটে জটলা থেকে স্কোরলাইন ২-১ করেন মোহাম্মদ ইরফান। এই সময় আবাহনীর সামনে একেবারেই অসহায় মনে হচ্ছিল উষাকে। ৪০ মিনিটে প্রতি আক্রমণ থেকে শাকিল আব্বাসী আবারও ব্যবধান বাড়ান আবাহনীর। বাকি দুটি গোল করেছেন শাফকাত রসুল ও তৌসিক আরশাদ, ৪৮ ও ৫৬ মিনিটে।