- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০৮৮ পিআইসির মধ্যে অধিকাংশই গঠন হয়নি

স্টাফ রিপোর্টার
পানি উন্নয়ন বোর্ডের অধীনে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে বিলম্ব হচ্ছে। কমিটি গঠনের নির্দিষ্ট সময়সীমা (৩০ নভেম্বর) পেরিয়ে গেলেও অধিকাংশ কমিটি গঠন চূড়ান্ত হয়নি।
তবে পাউবোর কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেছেন, ‘হাওরের পানি নামতে দেরি হওয়া, প্রকল্প এলাকা জরিপ, স্থানীয়ভাবে সভা করে সিদ্ধান্ত গ্রহণসহ নানা কারণে পিআইসি গঠনে একটু দেরি হয়েছে। ৭ ডিসেম্বর পর্যন্ত পিআইসি গঠনে সময়সীমা দেয়া হয়েছিল। সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এসব নিয়ে দিন-রাত কাজ করছেন। আমরা আশা করছি দু-একদিনের মধ্যেই সব কমিটি গঠন হয়ে যাবে।’
চূড়ান্তভাবে পিআইসি গঠন করা হয়নি এবং পিআইসির তালিকা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পাউবোর পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুঁইয়া, পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান।
সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা যায়, এবছর সুনামগঞ্জের ৩৬ টি বৃহৎসহ মোট ৫৪টি হাওরের বোরো ফসল রক্ষায় উন্নয়ন প্রকল্পে ৩৭২টি ও অনুন্নয়ন প্রকল্পে ৭১৬টিসহ মোট ১০৮৮ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হবে। জমির পাশের প্রকৃত কৃষকদের দিয়ে ৫-৭ সদস্য বিশিষ্ট প্রতিটি পিআইসি গঠনের জন্য সকল উপজেলা নির্বাহী অফিসার ও পাউবোর স্থানীয় শাখা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
তবে গতকাল শনিবার দুপুর পর্যন্ত জেলার ১১ উপজেলার মধ্যে শুধু দক্ষিণ সুনামগঞ্জ ছাড়া অন্য কোন উপজেলার চূড়ান্ত পিআইসির তালিকা পায়নি পাউবোর সুনামগঞ্জ জেলা অফিস।
পিআইসি গঠনে বিলম্ব হওয়ায় হাওরে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অন্যান্য বছরের ন্যায় দেরি হতে পারে বলে আশংকা করছেন কৃষকসহ হাওর আন্দোলনের নেতাকর্মীগণ। এদিকে হাওরাঞ্চলের কিছু সুবিধাবাদী মানুষ পিআইসিতে অন্তর্ভুক্ত হতে নানাভাবে চেষ্টা-তদবির করছে বলে নানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন,‘ বিগত বছরগুলোতে দেরিতে পিআইসি গঠনসহ নানা কারণে হাওরের বাঁধ নির্মাণ কাজ সময়মত করা হয়নি। যার খেসারত দিতে হয়েছে লাখ লাখ কৃষককে। নতুন নীতিমালা অনুযায়ী পিআইসি গঠনে বিলম্ব কোনভাবে মেনে নেয়া যায় না। আমরা দাবি জানাই দ্রুত পিআইসি গঠন করে বাঁেধর কাজ শুরু করার।’
জানা যায়, এই বছর সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষায় ৫৫০ কিলোমিটার বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংস্কার করবে পাউবো। ঠিকাদারের পরিবর্তে সকল প্রকল্প বাস্তবায়ন করবে পিআইসি। এবার অনুন্নয়ন প্রকল্পের ৬১৬টি প্রকল্প বাস্তবায়নে ২৮ কোটি ৮৮ লাখ বরাদ্দ অনুমোদন হয়েছে। আরো সাড়ে ৬৫ কোটি টাকা মন্ত্রণালয়ে চাওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩৭২ টি প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ৩২ কোটি ৫২ লাখ বরাদ্দ অনুমোদন হয়েছে। তবে এসব প্রকল্প পুনরায় পরিমাপের পর আরও বরাদ্দ লাগলে মন্ত্রণালয়ে চাওয়া হবে।
সুনামগঞ্জ পাউবোর পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন,‘ হাওরের পানি নিষ্কাশনে ধীর গতি, অনুন্নয়ন প্রকল্পের বরাদ্দ না পাওয়াসহ নানা কারণে পিআইসি গঠনে বিলম্ব হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ও পাউবোর স্থানীয় শাখা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে পিআইসি গঠনের কাজ শেষ করার জন্য। আমরা আশা করছি খুব দ্রুতই পিআইসির তালিকা পাওয়া যাবে। পিআইসির তালিকা পাওয়ার পরপরই উন্নয়ন প্রকল্পের কাজগুলো করার উদ্যোগ নেয়া হবে। ’
পাউবোর পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান বলেন,‘ নতুন বিভাগ হওয়াসহ নানা কারণে পিআইসি গঠনে আমাদের একটু দেরি হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জের পিআইসি গঠন হয়ে গেছে। অন্য সকল উপজেলায় পিআইসি গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, আমরা আশা করছি খুব দ্রুত হয়ে যাবে।’

  • [১]