জগন্নাথপুর অফিস
বর্ষায় নাও হেমন্তে পাও, যাতায়াতের এমন দুর্ভোগ দূর করে জগন্নাথপুর উপজেলার মীরপুর ও পাটলী ইউনিয়নের একাংশের ১০ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ স্থাপন করা হয়েছে। গ্রাম থেকে ইউনিয়ন হয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে যাতায়াতের সুবিধা পেয়ে গ্রামবাসী আনন্দিত।
গত বুধবার আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন সড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ইউনিয়নের হাওয়াইখাল নদীর উত্তরপাড়ে মোহাম্মদগঞ্জ বাজার থেকে ছিফতপুর হয়ে লোহারগাঁও পর্যন্ত ও দক্ষিণ পাড়ে রসুলগঞ্জ থেকে টুকেরবাজার মেইন রোড হয়ে লোহারগাঁও পর্যন্ত সড়ক উদ্বোধনের সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াব, ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, ১৬ ফুট প্রস্ত ও ছয় কিলোমিটার দীর্ঘ এ সড়কটি মীরপুর ইউনিয়ন ও পাটলী ইউনিয়নের একাংশের ১০ গ্রামের মানুষ কে যোগাযোগ বিচ্ছিন্নতার কবল থেকে যাতায়াত সুবিধার মূলস্রোতে নিয়ে এসেছে।
তিনি বলেন, সড়কের পাশের দিয়ে ১০ গ্রামের মানুষের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে। তাদের আনন্দের আমরাও আনন্দিত। সরকার থেকে মাত্র দুই লাখ টাকা বরাদ্দ পেয়েছি। ২৫ লাখ টাকার কাজ করেছি। তারমধ্যে দাঁড়িয়ারপাড় নিবাসী যুক্তরাজ্য প্রবাসী হাবিব খান ও শিরিয়া খানম দম্পতি কিছু টাকা ধার হিসেবে দিয়েছেন। বাকী টাকা আমি নিজে খরচ করে সড়কের কাজ বাস্তবায়ন করেছি।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্ব নিঃসন্দেহে প্রশংসনীয়।
জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় গ্রাম কে শহরে পরিণত করার অংশ হিসেবে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ শুরু করেছেন। আমরা এ ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে আমরা খুশি।