- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১০ টাকা কেজি দরে চাল পাবেন ৯১,৬২৭ জন

বিন্দু তালুকদার
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই সেøাগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। প্রতিকেজি চালের দাম রাখা হবে ১০ টাকা। এই ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ প্রতি অর্থবছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে এই কর্মসূচি উদ্বোধন করবেন। দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার এই চাল পাবে।
রবিবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন, ‘১০ টাকা কেজি দরে চাল খাওয়াব’।
সামাজিক নিরাপত্তা বলায় সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচির মধ্যে আরেকটি কর্মসূচি হলো এটি। এ কর্মসূচিতে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে। সব থেকে বেশি প্রাধান্য দেব যে পরিবার নারীপ্রধান, বিধবা বা প্রতিবন্ধী।
সুনামগঞ্জের ১১ উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৯১ হাজার ৬২৭ জন ভোক্তা কার্ডের মাধ্যমে এই কর্মসূচির আওতায় চাল ক্রয় করার সুযোগ পাবেন। বুধবার প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। কিন্তু সোমবার বিকাল পর্যন্ত সুনামগঞ্জের ১১ উপজেলার মধ্যে ৭টি উপজেলার চূড়ান্ত তালিকাই করা হয়নি। বিশেষ করে জেলার সর্ববৃহৎ উপজেলা ছাতকের ১৩ ইউনিয়নের কোন তালিকাই প্রণয়ন করা হয়নি। জগন্নাথপুর উপজেলার প্রায় একই দশা। জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মাত্র ১টি ইউনিয়নের তালিকা প্রণয়ন করা হয়েছে।
জানা যায়, ১১ উপজেলার ৮৭টি ইউনিয়নের ৯১ হাজার ৬২৭ জন ভোক্তা কার্ডের মাধ্যমে সরকারের নিয়োগকৃত ১৭১ জন ডিলারের কাছ থেকে ১০ টাকা কেজি দরে চাল ক্রয় করবেন। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে ২ জন করে ডিলার নিয়োগ করা হয়েছে। তালিকা অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪৮২২ জন ভোক্তা, দক্ষিণ সুনামগঞ্জে ৬২৬৭ জন, দোয়ারাবাজারে ৭৭৭৮ জন, ছাতকে ১৪০৬৬ জন, জগন্নাথপুরে ৯৬৪৮ জন, দিরাইয়ে ৮৩৭৮ জন, শাল্লায় ৩৮৫০ জন, ধর্মপাশায় ৮০৯২ জন, জামালগঞ্জে ৬২৭৩ জন, তাহিরপুরে ৬৭৬২ জন, বিশ্বম্ভরপুরে ৫৬৯১ জন ভোক্তা স্থানীয় ইউনিয়নের সরকারি ডিলারের কাছ থেকে কার্ডের মাধ্যমে চাল ক্রয় করবেন।
সরকারি নিদের্শনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ভোক্তাদের তালিকা প্রণয়ন করবেন ইউনিয়ন কমিটি। পরে ইউনিয়ন কমিটির প্রণয়নকৃত তালিকা উপজেলা কমিটি যাচাই-বাছাই করবেন। ইউনিয়ন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান, সদস্য সচিব ইউপি সচিব। উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, সদস্য সচিব উপজেলা খাদ্য  কর্মকর্তা। ইউনিয়ন কমিটির প্রণয়নকৃত তালিকা উপজেলা কমিটি যাচাই-বাছাই করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠাবেন। সেই তালিকা অনুযায়ী ভোক্তাদের একটি করে কার্ড প্রদান করা হবে। কার্ডের ভোক্তার ছবি ও জাতীয় পরিচয়পত্রের নম্বর লেখা থাকবে।
সোমবার জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ৯টি, ধর্মপাশার ১০টি, জামালগঞ্জের ৫টি ও তাহিরপুরের ৭টি ইউনিয়নের প্রণয়নকৃত তালিকা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পৌঁছেছে। এসব তালিকা অনুযায়ী কার্ড তৈরির কাজ শুরু হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ইউনিয়ন পর্যায়ে তালিকা প্রণয়ন করা হয়েছে ৫টির, উপজেলা কমিটির মাধ্যমে যাচাই করা হয়েছে মাত্র ১টি। দক্ষিণ সুনামগঞ্জের ৮টি ইউনিয়ন তালিকা প্রণয়ন করা হলেও কোন তালিকাই যাচাই করা হয়নি। ছাতকের ১৩ ইউনিয়নের কোন তালিকাই হয়নি। জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মাত্র ১টি ইউনিয়নের তালিকা প্রণয়ন করা হয়েছে, তবে সেটাও যাচাই করা হয়নি। দিরাইয়ের ৯টি ইউনিয়ন কমিটি হয়েছে তবে কোন তালিকাই যাচাই হয়নি। বিশ্বম্ভরপুর উপজেলার একই অবস্থা, ৫টি ইউনিয়ন তালিকা প্রণয়ন হয়েছে কোনটাই যাচাই হয়নি। শাল্লায় ৪টি ইউনিয়ন কমিটির তালিকা হয়েছে, যাচাই করা হয়েছে ২টির। জেলার ৮৭ টি ইউনিয়নের ৬৩ টি ইউনিয়নের তালিকা প্রণয়ন হয়েছে। এর মধ্যে যাচাই হয়েছে মাত্র ৩৪টির। ৯১ হাজার ৬২৭ জন ভোক্তার ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে ৬০ হাজার ৯৮২ জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন,‘ জরুরী ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে তালিকা প্রণয়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হবে। আমরা চেষ্টা করব খুব দ্রুত তালিকাগুলো যাচাই-বাচাই করে জেলা সদরে পাঠাতে।’
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন,‘কমিটি গঠন করা হয়েছে বেশ আগেই, হয়তো মাঠ পর্যায়ে কাজ চলছে। কিন্তু কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা খাদ্য কর্মকর্তা আজ পর্যন্ত আমার সাথে এবিষয়ে কোন কথা বলেন নি। জরুরী ভিত্তিতে তালিকা প্রণয়ন ও যাচাই-বাচাই করা হবে।’
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন,‘ উপজেলা খাদ্য কর্মকর্তার অনুপস্থিতির কারণে উপজেলা কমিটির সভা করা হয়নি। খাদ্য কর্মকর্তা এবিষয়ে আমার সাথে কথা বলেন নি। তাগিদ দিয়ে খুব তাড়াতাড়িই তালিকা যাচাই-বাছাই করা হবে।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বলেন,‘ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়ে ভোক্তাদের তালিকা প্রণয়ন ও যাচাই শেষে প্রদানের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত (সোমবার) আমরা জেলার ১১ টি উপজেলার মধ্যে মাত্র ৪ টি উপজেলার চূড়ান্ত তালিকা হাতে পেয়েছি। যাচাইকৃত তালিকা প্রদানের জন্য আমরা উপজেলা পর্যায়ে বার বার তাগিদ দিচ্ছি। আমাদের জেলায় কবে থেকে চাল বিক্রি শুরু হবে এধরনের কোন নির্দেশা আমরা পাইনি। যদি নির্দেশনা চলে আসে তাহলে আমরা যেসব তালিকা পেয়েছি সেগুলিতেই কার্যক্রম শুরু করব।’

  • [১]