বিন্দু তালুকদার
১৫ ডিসেম্বরের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু করা ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলে রবিবার পর্যন্ত অনেক হাওরের বাঁধ নির্মাণ কাজই শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ কাজ শুরু না হওয়া বাঁধের সংখ্যা অনেক।
হাওর রক্ষা বাঁধ তদারকির জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নিজেই বলেছেন রবিবার পর্যন্ত ১৪ টি বাঁধের কাজই শুরু হয়নি। পাউবো কর্তৃপক্ষ তাঁকে এই তথ্য দিয়েছেন বলে জানান তিনি।
রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে হাওর ব্যবস্থাপনা ও ফসল সুরক্ষায় করণীয় শীষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন,‘হাওরের ফসল রক্ষা নিয়ে দিন রাত টেনশন করে যাচ্ছি। টেনশনে মাথার চুল পড়ে যাচ্ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন না। তাঁরা দায়সারাভাবে কাজ করছেন। হাওরের ফসল রক্ষা বাঁধের কোন সমস্যা হলে বা বাঁধ ভেঙে গেলে পাউবোর কর্মকর্তাদের খোঁজ থাকে না। তখন তারা ফোন বন্ধ করে রাখেন, সবকিছুই আমাদের সামাল দিতে হয়। বাঁধ নিয়ে আমরা
খুবই চাপে আছি। বোরো ফসল ও বাঁধ নির্মাণ এখন আমাদের জীবন মরণ সমস্যা। হাওরের ফসল ও বাঁধ নিয়ে আমরা উদ্বিগ্ন থাকলে পাউবো কর্মকর্তাদের কোন উদ্বিগ্নতা নেই। তাঁরা সর্বাবস্থায় একই রকম থাকেন। ’
তিনি আরো বলেন,‘৭৬টি বাঁধ হচ্ছে এডিপির টাকায়। হাওরের বাঁধ দ্রুত নির্মাণ করা নিয়ে আমি পাউবোর নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় ও প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছি। পিআইসি ও ঠিকাদারদের সাথে আমি সরাসরি কথা বলছি। পাউবো জানিয়েছেন তিনভাগের দুইভাগ কাজ হয়েছে। ১৪টি বাঁধের নির্মাণ কাজ শুরু হয়নি। হাওরের ফসল রক্ষা বাঁধ তদারকির জন্য ইউএনওদের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসকদের হাওর এলাকা ভাগ করে দেয়া দেয়া হয়েছে।’