স্টাফ রিপোর্টার
জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ লক্ষ ২২ হাজার ৩০০ হেক্টর। চাষাবাদ হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯৫ হেক্টর বেশি। এই মুহূর্তে মাঠে বোরো ধান স্তর বুটিং, দুধ অবস্থা এবং দানা অবস্থায় আছে। আগামী ১৫ এপ্রিল থেকে পুরোপুরিভাবে বোরো ধান কাটা শুরু হবে। মাঠে বর্তমানে ফসলের অবস্থা ভালো রয়েছে।
বোরো ধানের সার্বিক অবস্থা ও কর্তন পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সভায় আরও জানানো হয়- বিভিন্ন উপজেলায় ভর্তুকির আওতায় ৬৬৫টি সচল কম্বাইন হারভেস্টার আছে। এছাড়া এ মাসের মধ্যে আরও কিছু কম্বাইন হারভেস্টার ভর্তুকির মাধ্যমে বিতরণ করা হবে। বোরো ধান কর্তনে সুনামগঞ্জ জেলায় শ্রমিকের কোন সংকট হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
সভায় সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, এর সঞ্চালনায় সকল উপজেলা কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ।