সু.খবর ডেস্ক
ক্ষমতাসীন দলের বাধা ও হুমকির কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে বিএনপির ১৬২ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করে বলেন, ইউপি ভোটের প্রক্রিয়ায় নানা অনিয়ম চললেও নির্বাচন কমিশন (ইসি) নির্বিকার রয়েছে।
রিজভী বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে ১৬২টি ইউনিয়নে বিএনপির প্রার্থীদের নির্বাচনী মাঠ থেকে জোর করে দূরে রাখা হয়েছে। উল্লেখিত সংখ্যক বিএনপি মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধাদান অথবা জমা দেওয়ার পর প্রত্যাহারে বাধ্য করে অথবা ঠুনকো অজুহাতে প্রার্থিতা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, সরকার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ব্যালে নৃত্য করছে। ইসির পক্ষপাতিত্বের কারণে এখন পর্যন্ত দুই ধাপের নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রায় ১৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ফেনীর ফুলগাজীর জিএম হাট ইউনিয়ন, আনন্দপুর, গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরন, রামশিল, বান্দাবাড়ী, তিনজুরী, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতিসহ বিভিল্পু ইউনিয়নে সরকারি দলের হামলা ও বাধার কারণে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি।
রিজভী অভিযোগ করেন নেত্রকোনায় খালিয়াজুরির গাজীপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নানকে হুমকি দেওয়া হয় যে, নির্বাচন করলে তার স্ত্রীর সরকারি চাকরি থাকবে না। তিনি নিজ এলাকায়ও থাকতে পারবেন না।
একইসঙ্গে এছাড়া নড়াইল, কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে তার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।