- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

১৯৭১ সালের ২৫ শে মার্চের কালো রাতে ঢাকায় সুরেশ ও আমি

হোসেন তওফিক চৌধুরী
সুরেশ দাস একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সুনামগঞ্জ জেলা জজকোর্টের একজন লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবী। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র ছিলেন। ছাত্র রাজনীতিতেও তিনি সক্রিয় ও সোচ্চার ছিলেন এবং তিনি ছিলেন একজন ছাত্র নেতা। ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালো রাতে তিনি জগন্নাথ হলেই ছিলেন এবং পাকিস্তানী হানাদারদের দ্বারা জগন্নাথ হল আক্রান্ত হলে তিনিও আক্রান্ত হন। দৈবক্রমে অবলীলায় তিনি জগন্নাথ হলের পৈশাচিক ও বর্বরোচিত হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন। তিনি এই নির্মম হত্যাকাণ্ডের এক জীবন্ত সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী। আমি তখন ঢাকার দৈনিক ‘পূর্বদেশ’ পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। ঢাকা সহ সারাদেশ তখন আন্দোলন সংগ্রামে উত্তাল। সারা দিন তখন সভা-সমাবেশ ও মিছিল হয়। ২৪শে মার্চ সারাদিন খবর সংগ্রহের পর অফিসে পৌঁছে রাতে সংবাদ লিখছি। সকল সাংবাদিক নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। রাত প্রায় ১২টার দিকে শোনা গেল অনবরত গুলির শব্দ, দিকে দিকে দেখা গেল আগুনের লেলিহান শিখা। আমাদের অফিসের সামনের রাস্তা দিয়ে সামরিক বাহিনীর অসংখ্য ট্যাংক, লরী প্রভৃতি আনাগোনা করছে। মর্টার ও শেল বেধড়ক নিক্ষিপ্ত হচ্ছে। বিভিন্ন দিক থেকেই মানুষের আর্ত চিৎকার শোনা গেল। আমরা অফিস থেকে এসব দেখছিলাম। দেখছিলাম কিভাবে নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর সশস্ত্র হামলা হচ্ছিল। অফিসেও কয়েকটি গুলি লেগেছিল। আমরা যারা অফিসে ছিলাম সবাই তখন জীবনের আশা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ধারণা ও আশংকা ছিল যে কোন মুহূর্তে ‘অবজারভার’ অফিস আক্রান্ত হতে পারে। আমরা অফিসে আটকা পড়লাম। আমি তখন আরামবাগে এক মেসে থাকতাম। ২৭ শে মার্চ সকাল নয়টায় কিছু সময়ের জন্য কারফিউ শিথিল হলে আমি মেসে ফিরি। অনেকের ধারণা আমি বেঁচে নেই। আমাকে ফিরে পেয়ে মেসের সদস্যরা আনন্দ প্রকাশ করলেন। মেস সদস্যদের মধ্যে বর্তমানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব  এমএ মান্নানও একজন সদস্য ছিলেন।
‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’ অষ্টম খণ্ডে এই বিবরণ লিপিবদ্ধ হয়েছে। হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৫ খণ্ডে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’ রচিত হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে এই মূল্যবান গ্রন্থটি প্রকাশিত হয়। এই বইয়ের অষ্টম খণ্ডের ৩৩৮ পৃষ্ঠায় ‘হানাদারদের কবলে জগন্নাথ হল’ প্রসঙ্গে রিপোর্টে সুরেশ দাসের প্রসঙ্গও স্থান পেয়েছে। ‘মৃতের মিছিলে সুরেশ।’ সুরেশ গুলিবিদ্ধ হলেন। বর্বরদের ধারণা সবাই খতম। কিন্তু গুলি খেয়েও সুরেশ বেঁচে গেলেন। ‘রাখে আল্লা মারে কে?’ দুই দিন হলের পানির ট্যাংকে আত্মগোপন করে রক্ষা পান।
দেশ স্বাধীন হওয়ার পর পত্রিকা কর্তৃপক্ষ আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পৈশাচিক ও নারকীয় হত্যাকাণ্ড সম্পর্কে একটি রিপোর্ট লিখতে নির্দেশ দেন। আমি বিভিন্ন সূত্রে থেকে প্রাপ্ত তথ্য নিয়ে রিপোর্ট প্রণয়ন করি। ১৯৭২ সালের ১৬ই ফেব্রুয়ারি থেকে ‘হানাদারদের কবলে জগন্নাথ হল’ শিরোনামে কয়েক সংখ্যায় রিপোর্টটি  বের হয়। পূর্বে উল্লেখিত ঐতিহাসিক গ্রন্থের অষ্টম খণ্ডের ৩৩৫ থেকে ৩৩৯ পৃষ্ঠায় এই রিপোর্ট স্থান পেয়েছে। আমার স্বনামে  ‘হানাদারদের কবলে জগন্নাথ’ হল-২ ৩৩৬ পৃষ্ঠায় স্থান পেয়েছে। এই ধারাবাহিক রিপোর্টে জগন্নাথ হলের পৈশাচিক হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে। পরিমল গুহ ছিলেন একজন ছাত্র নেতা। এই রিপোর্ট প্রণয়নে তিনি আমাকে সহায়তা করেছেন। সুরেশ আমার পূর্ব পরিচিত। আমার ভাই হাসান শাহরিয়ারের ক্লাসমেট। তাকে অনেক খুঁজেছি। কিন্তু তখন তাকে পাইনি।
আমি আগেই উল্লেখ করেছি আমরা সাংবাদিকরা ‘অবজারভার ভবনে’ আটকা পড়ি। ২৬ শে মার্চ সকাল ৯টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর সিদ্দিক সালেক সামরিক প্রহরায় আমাদের অফিসে আসে। আমরা ভয়ে তটস্থ। এই বুঝি শেষ। সে সবাইকে ডেকে পত্রিকা বের করতে বলল। আমরা তাকে সম্পাদকের সাথে যোগাযোগ করতে বলি। উল্লিখিত গ্রন্থের ৩২৫ পৃষ্ঠায় ‘পূর্বদেশ’ পত্রিকার সাংবাদিক নাজিমউদ্দিন মানিকের রিপোর্টে এই বিবরণ রয়েছে। এভাবেই আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাই। সেই দু:সহ ভয়াল স্মৃতি নিয়ে বেঁচে আছি। ২৫শে মার্চের রাতে ঢাকায় সেনাবাহিনীর বর্বরোচিত অমানুষিক হত্যাযজ্ঞে এবং অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। এতে সারাদেশে আতংকের সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ড হালাকুখান ও তৈমুর লং এর হত্যাকাণ্ডকেও ম্লান করে দিয়েছে। এতেই বিশ্ববিবেক সোচ্চার হয় এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থান গ্রহণ করে।
তথ্যসূত্র: বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র-অষ্টম খন্ড
লেখক: আইনজীবী-কলামিষ্ট

  • [১]