বিশেষ প্রতিনিধি
১৯ বছর পর আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশে ব্যাপক নেতা-কর্মীর জমায়েত ঘটানোর চেষ্টা করছে জেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপই। এজন্য দুই গ্রুপই লঞ্চ, বাল্কহেড, কার্গো, ট্রলার, বাস, লেগুনা, মাইক্রোবাস, সিএনজি, টমটম ও মোটর সাইকেল ভাড়া নিয়েছে। বিভিন্ন উপজেলায়, ইউনিয়নে ও গ্রামে-গঞ্জে জমায়েত ঘটানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলার ৮৭ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরাও গণ-জমায়েত ঘটিয়ে জেলা ও উপজেলায় স্ব স্ব গ্রুপের নেতাদের নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের মতিউর-মুকুট অংশের সমর্থক শামীম আহমদ বিলকিস বলেন,‘ট্রলার, বাল্কহেড এবং ৫০০ মোটর সাইকেল ভাড়া করেছি, ধর্মপাশা থেকে ২ হাজার মানুষের জমায়েত নিয়ে সম্মেলনে অংশ নিতে চাচ্ছি আমরা’।
একই অংশের নেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম বলেন,‘১ টি লঞ্চ, ৮ টি ট্রলার, ২৫০ মোটর সাইকেল এবং বেশ কিছু সিএনজি ভাড়া করেছি আমরা, আমাদের টার্গেট ৫ হাজার মানুষ জামালগঞ্জ থেকে নিয়ে যাওয়া’।
ছাতক আওয়ামী লীগের সদস্য মতিউর-মুকুট সমর্থক অংশের ছাতকের নেতা শামীম আহমদ চৌধুরী বলেন,‘৮ হাজার মানুষ জেলা সদরে নিয়ে যাবার জন্য ৪০০ লেগুনা, ৫০ টি বাস এবং ছাতক-ঢাকা সড়কের কয়েকটি বাস ভাড়া করেছি আমরা’।
সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের নেতৃত্বাধীন অংশের সমর্থক ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা বলেন,‘ছাতক ও দোয়ারাবাজারের ১০ ইউনিয়ন থেকে নৌপথে বাল্কহেডে করে এবং অন্য ইউনিয়ন থেকে বাস, লেগুনা, ট্রাক ও মাইক্রোবাসসহ প্রায় ১০০ যানবাহন ভাড়া করা হয়েছে ২৫ হাজার মানুষ সম্মেলনে নিয়ে যাবার জন্য’।
একই অংশের সমর্থক জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ‘তিন হাজার মানুষ সুনামগঞ্জে নিয়ে যাবার জন্য ২৮ টি ইঞ্জিন নৌকা, সিএনজি, টমটম ও কিছু মোটর সাইকেল ভাড়া করা হয়েছে’।
এই অংশের সমর্থক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন,‘লেগুনা ও বাসসহ প্রায় ২০০ গণ-পরিবহন ভাড়া করা হয়েছে ৭ হাজার মানুষ নিয়ে যাবার জন্য’। জেলার ১১ উপজেলা নেতৃত্বের বিবদমান দুই গ্রুপই একইভাবে জেলা সদরে জমায়েত নিয়ে আসার জন্য মরিয়া হয়ে কাজ করছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান বলেন,‘আওয়ামী লীগের উদ্যোগে অতীতে যত গণ-জমায়েত ঘটানো হয়েছিল, এবার সকল রেকর্ড অতিক্রম হবে, জেলা জুড়ে আগ্রহ-উদ্দীপনা এবং উৎসবের পরিবেশ বিরাজ করায় ব্যাপক জমায়েত হবে এবার’।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি বলেন,‘১৯ বছর পর হচ্ছে জেলা সম্মেলন, নেতা কর্মীরা উজ্জীবিত, সারা দেশে হয় ত্রি-বার্ষিক সম্মেলন, এখানে হচ্ছে ১৯ বছর পর সম্মেলন, লক্ষাধিক নেতা-কর্মী আসবে নতুন নেতৃত্বের মাধ্যমে বন্ধাত্ব ঘুচানোর আকাঙ্খা নিয়ে’।
প্রসঙ্গত. দীর্ঘ দিন ধরেই জেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি- সম্পাদককে দিয়ে। দলীয় জেলা নেতৃত্বের (ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের) সঙ্গে জেলার ৫ সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের নেতৃত্বাধীন বলয়ের মতভিন্নতার কারণে গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ২ বার সম্মেলনের তারিখ হলেও শেষ পর্যন্ত হয়নি। ১৯ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত এমপি। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি এবং প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।