বিন্দু তালুকদার
আগামী ১ সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলন। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আর মাত্র ৫ দিন বাকী। সম্মেলনকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। সম্মেলনকে সামনে রেখে পদ পদবী পাওয়ার দাবিতে নানা চেষ্টা-তদবির শুরু হয়েছে।
জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে ইতোমধ্যে অনেক নেতাকর্মী উপজেলা সদর ও জেলা সদরে পোস্টারিং করছেন। সম্মেলনকে সামনে রেখে কেউ ব্যক্তিগতভাবে কেউ বা আবার প্যানেলের মাধ্যমে চেষ্টা ও লবিং করছেন কাঙ্খিত পদ-পদবী পাওয়ার জন্য।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদ পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও এই পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক সেলিম রেজা, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের একাংশের আহবায়ক প্রভাষক নূর
হোসেন। এছাড়া আরো একাধিক প্রার্থী এই পদে প্রতিদ্বন্দ্বিতা বা প্রার্থী হতে পারেন।
সাধারণ সম্পাদক পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের ভাতিজা মো. মনিরুজ্জামান সুজন, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. শফিকুল আলম শাহীন ও জহিরুল ইসলামের নাম শুনা যাচ্ছে।
সাংগঠনিক পদে বিভিন্ন সূত্রে যাদের নাম শুনা যাচ্ছে তাঁরা বলেন, সাব্বির আহমদ, আব্দুল তাহিদ, জিল্লুল হক জিল্লুল, সুদীপ্ত দাস, কেশব চন্দ্র দে ও মনোজ ভট্টাচার্য।
উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক সেলিম রেজা বলেন,‘আর মাত্র ৫দিন পর আমাদের উপজেলা যুবলীগের সম্মেলন। সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। সবাইকে নিয়ে দিনে রাতে কাজ করে যাচ্ছি। আমরা চাই সম্মেলনটি সুন্দরভাবে সম্পন্ন হোক।’
সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কারা কারা লবিং ও তদবির করছেন জানতে চাইলে তিনি বলেন,‘আমরা আমাদের মন্ত্রী মহোদয় (অর্থ ও পকিল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান) এর সাথে কথা বলে আলোচনা করে উনার পরামর্শে শক্তিশালী একটি কমিটি গঠন করতে চাই। যা কিছু হবে তাঁর পরামর্শেই করব আমরা।’
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন,‘দক্ষিণ সুনামগঞ্জ পৃথক উপজেলা গঠন হওয়ার পর এই প্রথম উপজেলা যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে। এর আগে আওয়ামী লীগসহ কোন অঙ্গ সংগঠনের সম্মেলন হয়নি এই উপজেলায়। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আমি আশা করি আগামী ১ তারিখ দক্ষিণ সুনামগঞ্জের সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হবে। পদ পদবীর জন্য অনেকেই যোগাযোগ করছেন। দলের গঠনতন্ত্র মোতাবেক সকলের সাথে কথা বলে নতুন কমিটি করা হবে। ’
উল্লেখ্য, ২০১২ সালের ২০ জুলাই সেলিম রেজাকে আহবায়ক ও ১৫ জনকে যুগ্ম করে ২৬ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল। এর পর ২০১৩ সালে আবারো এই কমিটিকে বর্ধিত করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। ইতোমধ্যে কাঙ্খিত পদ-পদবী না পেয়ে ১০ জন যুবলীগ নেতা আওয়ামী অঙ্গ সংগঠনে চলে যান। আগে জুলাই মাসের ২৯ তারিখ উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু নানা কারণে সেই তারিখে সম্মেলন করা সম্ভব হয়নি।