দক্ষিণ সুনামগঞ্জ অফিস
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে ভর্তি কার্যক্রম শুরুর ২য় দিন ভর্তি হয়েছেন আরও ২০ শিক্ষার্থী। গত সোমবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে (এমবিবিএস) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ২২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। ৫০ জন শিক্ষার্থীর মধ্যে এ নিয়ে দুই দিনে ভর্তি হয়েছেন ৪২ জন শিক্ষার্থী। ভর্তি কার্যক্রম চলবে আগামী ৭ জুন পর্যন্ত। ক্লাস শুরু হবে ১ আগস্ট।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে (এমবিবিএস) প্রথম বর্ষে ভর্তি নিরীক্ষা বোর্ডের সদস্য সুনামগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, মেডিকেল বোর্ডের সদস্য জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. অতনু ভট্টাচার্য্য, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. বিষ্ণুপ্রসাদ চন্দ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. যুথী দাস, ডা. সায়েম রেজা প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নিরীক্ষা কমিটির অন্যতম সদস্য ডা. মো. জসিম উদ্দিন বলেন, প্রথমবারের মতো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের ভর্তি কার্যক্রম গত সোমবার শুরু হয়েছে। পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম শুরু হলে সুনামগঞ্জবাসীর জন্য স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি নতুন ইতিহাস সৃষ্টি হবে।
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে( এমবিবিএস) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৪২ জন ভর্তি হয়েছে। ভর্তির বাকী রয়েছে আরও ৮ জন। এ সপ্তাহের মধ্যেই বাকীরা ভর্তি হবেন বলে আশা করছি।
সদর উপজেলার কাঠইরে নির্মিতব্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের একাডেমিক ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নবনির্মিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব বদরুন নাহার গেল বছরের ২৬ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে উল্লেখ করেছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জসহ ১৭টি মেডিকেল কলেজে এবার ২৮২টি আসন বাড়ানো হয়েছে। এবার অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৭টি সরকারি মেডিকেল কলেজের তালিকায় শেষের নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের।
আপাতত দক্ষিণ সুনামগঞ্জের নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়টি চারতলা স্টাফ কোয়ার্টার ভবনকে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসিক ভবন এবং চারতলা হাসপাতাল ভবনকে একাডেমিক ভবন হিসেবে কাজে লাগানো হবে। এই কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বাসভবনকে মেডিকেল কলেজের অধ্যক্ষের বাসভবন হিসেবে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইরে (সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-শাল্লা-জামালগঞ্জ সড়ক মোড়ে) ৩৫ একর জমির ওপর শুরু হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জের ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম। মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১০৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ ব্যয় ছিল ২৫ কোটি ২৮ লাখ টাকা। ৫০০ শয্যার হাসপাতাল ভবন, মেডিকেল কলেজ ভবন, অডিটোরিয়াম, ছাত্রাবাস, ডক্টরস ডরমিটরি, ডক্টরস আবাসিক ভবন ইত্যাদি পূর্ত খাতে এবং বৈদ্যুতিক কাজে ব্যয় ৮৩৯ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে রাজধানীর ডেল্টা কনসোর্টিয়াম ও বঙ্গবিল্ডার্স ৯ তলা একাডেমিক ভবনের কাজ করছে। এ ছাড়া এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে নার্সিং কলেজ একাডেমিক ভবনসহ পুরুষ ও নারীদের আলাদা আটতলা ছাত্রাবাস ভবন নির্মাণকাজ শুরু হয়েছে।