স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে এসেছে চীনের তৈরি সিনোফার্মার ৬ হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন। শুক্রবার সকাল ১০ টায় কঠোর পুলিশি নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে করে দশটি কার্টুনে ৬ হাজার ভ্যাকসিন ইপিআই ভবনে পৌঁছে।
ভবন প্রাঙ্গণে ভ্যাকসিন কো অর্ডিনেটর এসিস্ট্যান্ট অফিসার মো.সবুজ সরদারের কাছ থেকে ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন সহ জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা। ভ্যাকসিন ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শুক্রবার সকালে ৬ হাজার করোনার ভ্যাকসিন সুনামগঞ্জে এসে পৌঁছেছে। আজ শনিবার থেকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন দেয়া হবে।
তিনি আরো বলেন, ৬ হাজার ভ্যাকসিন সুনামগঞ্জে এসে পৌছেছে সেগুলো শুধু সদরে দেওয়া হবে, পরবর্তীতে যদি বেশি করে ভ্যাকসিন আসে তাহলে প্রত্যেক উপজেলায় উপজেলায় দেওয়া হবে।