- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২০ ওষুধ প্রস্তুুতকারী কোম্পানির লাইসেন্স বাতিল

সু.খবর ডেস্ক
স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ২০টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দেন। বৃহস্পতিবার সচিবালয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশ দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে চলমান অর্থবছরের কর্মসূচিগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে গৃহীত সরকারের উদ্যোগের সুফল এরই মধ্যে জনগণ পেতে শুরু করেছে। এই সাফল্য অব্যাহত রাখতে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে সফল করার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।  

  • [১]