- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২১২ মাধ্যমিক স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন যেন বড়দের ভোট..

বিশেষ প্রতিনিধি
যেন স্থানীয় কিংবা জাতীয় কোন নির্বাচন। দেখলে কোন ভাবেই মনে হবে না, এটি বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। ভোটার স্লিপ নিয়ে বসেছেন কিছু শিক্ষার্থী। প্রার্থীদের নামে প্রচারণার লিফলেট – পোস্টারও সাঁটানো হয়েছে কেন্দ্রে। নিরাপত্তা রক্ষায় কাজ করছে বিএনসিসি ও স্কাউট। নির্বাচন কমিশনারও আছেন। প্রিজাডিং অফিসার এবং পোলিং অফিসাররাও কাজ করছেন। নির্বাচন পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালনকারীরাও ভোট কক্ষ ঘুরে দেখছেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বিদ্যালয় জুড়েই যেন উৎসবের আমেজ। সোমবার সুনামগঞ্জের ২১২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেই এমন আমেজ ছিল।
দেশের ২৩ হাজার ৫০০ মাধ্যমিক স্কুলে এবার দুই দফায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হচ্ছে। প্রথম দফার নির্বাচন ছিল আজ সোমবার। সুনামগঞ্জের ২১২টি স্কুলে সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক বিদ্যালয়েই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১ জন করে এবং আরো ৩ জন যে কোন শ্রেণি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচিত ৮ জন প্রতিনিধি প্রথম সভায় বসে প্রধান প্রতিনিধি নির্বাচন করবে। অন্যরা হবে কেবিনেট সদস্য। এবারই প্রথম স্টুডেন্ট  কেবিনেট নির্বাচন হওয়ায় জেলার স্কুলগুলোতে সোমবার ছিল উৎসবের আমেজ।
সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী প্রান্ত রায় বললো, ‘যারা যারা দাঁড়িয়েছে, সবাই এসে বলেছে আমাকে ভোট দিলে তোমাদের খেলাধুলার সকল সরঞ্জাম যাতে ঠিকমত পাও, টিফিন যাতে ভাল পাও সে ব্যবস্থা করবো, ক্লাসের বা তোমাদের নিজেদের যে কোন সমস্যায় আমি তোমাদের পাশে থাকবো, আমরা সকলের কথাই শুনেছি, কিন্তু যাকে সৎ এবং মিথ্যা কথা বলে না বলে মনে হয়েছে, পাশাপাশি ভাল ছাত্র এবং সকলের সঙ্গে ভাল আচরণ করে তাঁদেরই ভোট দিয়েছি’।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণির শিক্ষার্থী শেখ রাফিদ ইসলাম বললো,‘নির্বাচনী দায়িত্ব পালনকালে শিক্ষার্থী বন্ধুদের সহায়তা পেয়েছি, শিক্ষকরা সহায়তা করেছেন, আমাদের বিএনসিসি ও স্কাউটের বন্ধুরা সহায়তা করেছে, এখন যারা নির্বাচিত হবে, তারাই সকল শিক্ষার্থীর নেতৃত্ব দেবে’।
সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পৃথা দেব বললো,‘আমরা খুবই আনন্দিত, আজকে  (সোমবার) আমাদের আনন্দের দিন, ভোট কীভাবে হয়, সেটি শেখা হয়ে গেছে’।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন,‘জেলার ২১২ টি স্কুলে এই নির্বাচন হচ্ছে, এটি শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে’।
বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠুু নির্বাচন, নেতৃত্বের বিকাশ এবং গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করার জন্যই এই আয়োজন, বললেন সুনামগঞ্জ জেলায় নির্বাচন সমন্বয়ের দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মন্জুর মো. শাহ্রিয়ার। মন্জুর মো. শাহ্রিয়ার বলেন,‘এই নির্বাচন অনেক গুরুত্ব বহন করে, এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা শিক্ষার্থীদের চিন্তনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো’।
 

  • [১]