- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৪ বছর সংস্কারহীন বারিক্কা টিলার রাস্তা

আমিনুল ইসলাম, তাহিরপুর
২৪ বছর সংস্কারহীন বারিক্কা টিলার রাস্তা তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী তীরবর্তী পর্যটন আকর্ষণ বারিক্কা টিলা। উপজেলা ভূমি অফিসের রেকর্ড মতে এটিকে বড়গুপ টিলা বলা হলেও স্থানীয়ভাবে ও পর্যটকদের কাছে এটি বারিক্কা টিলা নামেই বেশি পরিচিত। তবে ২৪ বছর ধরে সংস্কার হচ্ছে না এ টিলায় যাওয়ার আঁকাবাঁকা রাস্তাটি। ভাঙাচোরা হওয়ায় পর্যটক ও স্থানীয়রা প্রায়ই এ সড়কে প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
তাহিরপুর উপজেলার প্রধান পর্যটন আকর্ষণগুলো হলো টাঙ্গুয়ার হাওর, স্বচ্ছ নীল জলের শহীদ সিরাজ লেক (লাইমস্টোন লেক), যাদুকাটা নদী ও বারিক্কা বা বড়গুপ টিলা। পর্যটকরা সুনামগঞ্জ থেকে এসব স্পটে আসতে দুটি রাস্তা ব্যবহার করে থাকেন। একটি হলো সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর উপজেলা সদর হয়ে নৌকায় টাঙ্গুয়া হাওর পাড়ি দিয়ে। অন্য রাস্তাটি হলো সুনামগঞ্জ শহর থেকে সীমান্তপথ পাড়ি দিয়ে যাদুকাট নদী। এরপর নদী পাড়ি দিয়ে বারিক্কা টিলা হয়ে টেকেরঘাট দিয়ে টাঙ্গুয়া হাওরে ভ্রমণ।
ট্রাভেল গ্রুপ ‘অ্যাডভেঞ্চার ম্যাডনেস’-এর অ্যাডমিন ইমতিয়াজ ফরহাদ বলেন, টিলায় যাওয়ার আঁকাবাঁকা রাস্তাটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। কিন্তু এ রাস্তাটি স্থানে স্থানে ভাঙাচোরা হওয়ায় পর্যটকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
বারিক্কা টিলা সংলগ্ন দৃষ্টিনন্দন আঁকাবাঁকা রাস্তাটি ছাড়াও রয়েছে গারো সম্প্রদায়ের একটি বিশাল ফুটবল মাঠ, একটি স্কুল ও একটি অত্যাধুনিক গির্জা। পূর্ণিমা রাতে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, যাদুকাটা নদী ও বারিক্কা টিলা চাঁদের আলোয় একাকার হয়ে যায়। অনেক পর্যটক বারিক্কা টিলায় গিয়ে চন্দ্রিমা রাত উপভোগ করেন। সুউচ্চ হওয়ায় যাদুকাটা নদী থেকেও বারিক্কা টিলাকে আলাদা করে দেখা যায়।
কান্ট্রি ট্যুরিজম বাংলাদেশের অ্যাডমিন রাসেল ভূঁইয়া বলেন, তিনিও একদিন ভাঙাচোরা রাস্তায় দুর্ঘটনায় আহত হন।
উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বড়গুপ টিলা রাস্তাটি নির্মাণ করে। দীর্ঘ দুই যুগ ধরে রাস্তাটি যেভাবে নির্মাণ করা হয়েছিল, সেভাবেই পড়ে আছে। এটি দ্রুত মেরামত করা হলে আরও পর্যটক এখানে আসতে আগ্রহী হবেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ২০২০-২১ অর্থবছরে বড়গুপ টিলার সড়কটি সংস্কার প্রকল্পের মাধ্যমে মেরামত করা হবে।
তাহিরপুরের ইউএনও পদ্মাসন সিংহ বলেন, সম্প্রতি বড়গুপ টিলাটি পরিদর্শন করেছি। এটি একটি দৃষ্টিনন্দন টিলা। টিলার রাস্তাটি মেরামত করা হলে পর্যটকদের জন্য এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিগগিরই বড়গুপ টিলার রাস্তাটি মেরামত করা হবে।

  • [১]