- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৪ সেপ্টেম্বরের আগেই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন: অর্থমন্ত্রী

সু.খবর ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আগামী ২৪ সেপ্টেম্বরের আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার সচিবালয়ে বাংলাদেশ উইমেন্স চেম্বর অব কমার্স ইন্ডাস্ট্রিপ্র প্রেসিডেন্ট সেলিমা আহমেদ এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মুহিত বলেন, ২৪ সেপ্টেম্বর আমি ওয়াশিংটন যাবো। যাওয়ার আগেই রিজার্ভ চুরির প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
অর্থমন্ত্রী বলেন, রিপোর্ট পাবলিকেশনের ডিলের একটা কারণ হচ্ছে, কিছু অ্যাকশন পর্যবেক্ষণে আছে। এর আগে এটি বেরিয়ে গেলে কিছুটা সমস্যা তৈরি হতে পারে।
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেওয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ সাইবার চুরির এ বিষয়টি বাংলাদেশের মানুষ জানতে পারে ঘটনার এক মাস পর, ফিলিপিন্সের একটি পত্রিকার খবরের মাধ্যমে। বিষয়টি চেপে রাখায় সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়।
ওই ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওই সময়ই বলেছিলেন, তিনি এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত ২১ জুন মুহিত বলেন, প্রতিবেদনটি প্রকাশ করা হবে ঈদের পর।
আর গত ২১ জুলাই সংসদে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “কয়েক দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হবে।”
গত ১১ জুলাই ওই তদন্ত পপ্রতিবেদন এখনো প্রকাশ না করার জন্য ‘ক্ষোভ’ প্রকাশ করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

  • [১]