- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৬ ইউনিয়নে ভোট আজ উত্তেজনা ১৪ ইউনিয়নে আ.লীগের সঙ্গে দলের বিদ্রোহীদের লড়াই

বিশেষ প্রতিনিধি
জেলার ৩ উপজেলার ২৬ ইউনিয়নে আজ (শনিবার) ভোট। বেশিরভাগ ইউনিয়নেই আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর মধ্যে নয়, উত্তেজনা যত তা আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে ১৪ টি ইউনিয়নে। এই ইউনিয়নগুলোতে যেন আধিপত্যের লড়াই। পরাজয় ঠেকাতে যা করা প্রয়োজন, সবকিছুই করার প্রস্তুতি রয়েছে দুই পক্ষের। দোয়ারাবাজারে ৪ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও দলীয় বিদ্রোহী প্রার্থীর মধ্যে রীতিমত যুদ্ধাবস্থা। এক প্রার্থীর সমর্থকদের অন্য প্রার্থীর সমর্থকরা সুযোগ পেলেই হেনস্তা করছে।
দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দোয়ারাবাজার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঙ্গে কঠিন লড়াই গড়ে তুলেছেন দলীয় বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ৩ বারের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। এই দুই প্রার্থীর মধ্যে প্রচারণায় পরষ্পর পরষ্পরের বিরুদ্ধে বিষোদগারও চলছে। পুরো ইউনিয়নেই থমথমে অবস্থা। এই ইউনিয়নে বিএনপি প্রার্থী আব্দুল বারীও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অভিযোগের তীর পরস্পরের দিকেই।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল খালেক বলেন,‘নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হামিদ নিরীহ ভোটারদের বলছেন,‘১৫০০ ভোট কম পাইলেও তিনি পাস করবেন, প্রশাসনের লোকজনও ভোট দেবে তাকে। ভোটারদের বলছেন, খালেক মিয়া বিদ্রোহী প্রার্থী হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাঁর বিরুদ্ধে মামলা হবে’।
আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ এসব অভিযোগ সত্য নয় দাবি করে বলেন,‘বিদ্রোহী প্রার্থী প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তবে ভোটারদের প্রতিরোধের মুখে টিকতে পারছেন না। ভোট না দিলেও পাস    করবো, এটি আমি নয়, খালেক মিয়াই বলে বেড়াচ্ছেন। এমপি তার পক্ষে আছেন, প্রশাসনও তার পক্ষে থাকবে’।
লক্ষীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জহিরুল ইসলাম জহির। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদ এই ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও অভিযোগ আওয়ামী লীগের ও বিদ্রোহী প্রার্থীর একে অপরের বিরুদ্ধে। উত্তেজনাও এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যেই।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম বলেন,‘বুধবার নির্বাচনী কার্যক্রম শেষে ফেরার পথে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বিএনপির লোকজন আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমি বিষয়টি উপজেলা রিটার্নিং অফিসার ও থানার ওসিকে জানিয়েছি’।
এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম জহির বলেন,‘আমরা কারো উপর হামলা করিনি, আমাদের কর্মীদের ধাক্কাধাক্কি করেছেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা’। বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোরও অভিযোগ করেন এই প্রার্থী।
এই উপজেলার দোহালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার মিয়া আনু’র যত অভিযোগ দলের দুই বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। একইভাবে বিদ্রোহী প্রার্থীদেরও সকল অভিযোগ তার বিরুদ্ধে।
আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার মিয়া আনু বলেন,‘নিরীহ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। চিত্ত শিবপুরে ভোটারদের মারধর করেছে বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিলের সমর্থকরা। আরেক বিদ্রোহী প্রার্থী শামীমুল ইসলাম শামীমের সমর্থকরা প্রতাপপুর গ্রামের আমার সমর্থক জামাল ও ছমিরকে মারধর করেছে। প্রচার কাজে ব্যবহৃত আমার সিএনজি ও মোটর সাইকেল পুড়িয়েছে শামীমুল ইসলামের সমর্থকরা’।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীমুল ইসলাম শামীম বলেন,‘নৌকা প্রতীকের সমর্থকরা আমার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। নিজেরা সিএনজি-মোটর সাইকেল পুড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। আমার লোকজন কারো উপর হামলাও করেনি’।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল বলেন,‘চিত্তশিবপুর গ্রামে আমার কোন সমর্থক কারো উপর হামলা করেনি। এই অভিযোগ সত্য নয়’।
সদর উপজেলার সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস ছত্তার ডিলার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজার কর্মী সমর্থকদের মধ্যে একই ধরনের উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নেও আওয়ামী লীগের প্রার্থী জগলুল হায়দার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হক’র সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এই অবস্থা ২৬ ইউনিয়নের ১৪ টিতে। এগুলো হচ্ছে সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীরনগর, কাঠইর ও সুরমা ইউনিয়নে। দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিমপাগলা, জয়কলস, শিমুলবাঁক, পশ্চিম বীরগাঁও ও পাথারিয়া ইউনিয়নে। দোয়ারাবাজারের দোয়ারা সদর, দোহালিয়া, পা-ারগাঁও, বাংলাবাজার, নরসিংপুর ও সুরমা ইউনিয়নে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন,‘৩ উপজেলার ২৪২ টি কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ৮৪ টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে’।

  • [১]