- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২৬ ঘন্টায়ও দেখা নেই বিদ্যুতের

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
২৬ ঘন্টা পরেও বিদ্যুতের দেখা মিলছে না তাহিরপুরে। কবে আসবে সেটাও নিশ্চিত করে বলছে না তাহিরপুর পল্লী বিদ্যুৎ অফিস। আবার এসে কতক্ষণ থাকবে না সেটা জানে না পল্লী বিদ্যুত গ্রাহকরা। মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় হঠাৎ বিদ্যুত চলে যায়। বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত (রিপোর্ট লেখা পর্যন্ত) বিদ্যুৎ নেই তাহিরপুরে।  
যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণের মধ্যে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ আসা যাওয়ার কারণে অফিসিয়াল কাজকর্ম ঠিকমত করা যাচ্ছে বলে উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তাছাড়া  প্রতিদিন সন্ধ্যার পর পর রুটিন মাফিক বিদ্যুৎ চলে যাওয়ায় ইফতার, তারাবীর নামাজ ও সেহরী খাবার সময় ধর্মপ্রাণ মানুষদের পড়তে হয় নানা বিপাকে।
তাহিরপুর বাজার ব্যবসায়ী সমিরন রায় জানান, রমজান শুরু থেকেই বিদ্যুতের লোড শেডিং চরমে পৌঁছেছে, সন্ধ্যার পর পরই বিদ্যুৎ না থাকায় অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, জুন ক্লোজিং চলছে। ২৪ ঘন্টা ধরে বিদ্যুত না থাকায় শিক্ষকরা চরম ভোগান্তিতে পড়েছেন।  
তাহিরপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান জানান, তাহিরপুর সুনামগঞ্জ লাইনে সংযোগ পিলার ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে, মেরামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তাহিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর এলাকা পরিচালক আমির শাহ বলেন, বিদ্যুৎ উৎপাদন কম। যে কারণে একটু লোড শেডিং হচ্ছে।

  • [১]