- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

২ ঘণ্টায় এক কেন্দ্রে ৩২ ভোট

লিপসন আহমদ
দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বৃহস্পতিবার ভোটকেন্দ্রগুলো ফাঁকাই ছিল। ভোট দিতে আগ্রহী ছিলেন না ভোটাররা। সুনামগঞ্জ শহরতলির আমবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছিল ৩২ টি। অন্যান্য কেন্দ্রগুলোতে একই অবস্থা ছিল।
উপজেলার শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, টেবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সমুজ আলী স্কুল এ- কলেজে একই পরিস্থিতি ছিল।
সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের চত্বর ফাঁকা। সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত ২ ঘন্টায় মাত্র ৩২ ভোট পড়েছে। কেন্দ্রে ভোটার না থাকায় আনসার ও পুলিশ সদস্যরা গল্পগুজব করে সময় পাড় করছিলেন।
মান্নারগাও গ্রামের বাসিন্দা রহমত আলী বলেন, উপজেলা নির্বাচনে গ্রামজুড়ে ভোটের আমেজ থাকে। কিন্তু এবার ভোটারদের আগ্রহ নেই। প্রার্থীগণও নির্বাচন জমাতে পারেন নি।
মান্নার গাও গ্রামের বাসিন্দা শওকত আলী বললেন, অন্যান্য সময় উপজেলা নির্বাচনে মানুষের ঠেলাধাক্কায় কারণে কেন্দ্রে লাইনে দাড়ানো যেত না। উপ নির্বাচনে ভোট এক পদে একটা, এরমধ্যে প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে পারেন নি। এ কারণে ভোটারের উপস্থিতি কম।
আমবাড়ি বাজারের চা বিক্রিতা মনির আহমদ বললেন, কারে গিয়া ভোট দিতাম কেউই ভোট চাইতে আসলো না। এজন্য কাউকেই ভোট দেব না।
আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস বললেন, সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ২ ঘণ্টায় ৩২ ভোট কাস্ট হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বললেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। শীতের কারণে ভোটার উপস্থিতি কম।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ১ম পর্যায়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তিনি নৌকা প্রতীকে পান ৩১ হাজার ৫৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিস) প্রতীকে পান ২০ হাজার ১২১ ভোট। গত বছরের ৩০ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।

  • [১]