স্টাফ রিপোর্টার
বন্যার পানিতে ডুবে সদর, ছাতক ও ধর্মপাশা উপজেলায় নিখোঁজ তিন শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার সকালে পুলিশ ও স্থানীয় লোকজন পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সকালে শহরতলির নবীনগর এলাকায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয় নবীনগরের আলমাছ আলীর ছেলে সরাফত আলী (১৩)। গত দুই দিন ধরে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে গ্রামের পাশের ডাবরখালী সেতুর কাছে তার লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে। একই দিনে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামের জেলে ননী দাসের (৫০) লাশ মঙ্গলবার সকালে ধারাম হাওরের উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ননী দাসের ছেলে রন দাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গত রোববার সকালে বাড়ির পাশে বন্যার পানিতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়া ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের কারুজ্জামানের ছেলে মাদ্রসা ছাত্র অহিদুজ্জামান রাসান (১২) ও তার চাচাতো ভাই বদরুজ্জামানের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র হামিদুজ্জামান আবিদ (৮)’র লাশ উদ্ধার করা হয়েছে। অহিদুজ্জামান রাসানের লাশ মঙ্গলবার ভোর রাতে এবং হামিদুজ্জামান আবিদের লাশ মঙ্গলবার সকালে বাড়ির পাশের হাওর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারজনের লাশই তাদের পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
সুনামগঞ্জ সদর, ছাতক ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত রোববার সকালে বন্যার পানিতে ডুবে ওই তিন উপজেলায় পৃথকভাবে নিখোঁজ ছিলেন ৩ শিশুসহ ৪জন।