- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩১৩ পদ শূন্য, ব্যাহত হচ্ছে কার্যক্রম

শহীদনূর আহমেদ
জেলা পরিবার পরিকল্পনা  বিভাগে অনুমোদিত ৯৮১টি পদের মধ্যে ৩১৩ টি পদ খালি রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত এইচএন্ডএফডাব্লুউসি সেন্টারের একতৃতীয়াংশ গুরুত্বপূর্ণ পদ খালি থাকায় জেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসা সেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে, জেলায় ৪৩ টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। সেইভ দ্যা চিলড্রেন‘র তথ্য মতে এগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৩টি, ‘বি’ ক্যাটাগরির ১২টি, বাকি ২৮ টি কেন্দ্র ‘সি ’ ক্যাটাগরির। ৪৩ টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে কেবল ৬ টি কেন্দ্রে গর্ভবর্তী মায়ের ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ৬ টি কেন্দ্রে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা থাকলেও বাকিগুলোর বেহাল দশা। ডাক্তারসহ গুরত্বপুর্ণ পদগুলো রয়েছে শূন্য। শূন্য পদগুলোর মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ১১টি অনুমোদিত পদ থাকলেও কর্মরত ৬ জন, শূন্য রয়েছে ৫ টি পদ। মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) পদে ১৬ টি পদ অনুমোদিত থাকলেও কর্মরত ২ জন, শূন্য রয়েছে ১৪ টি পদ। মেডিকেল অফিসার(পরিবার কল্যাণ) পদে ৪২ টি পদ অনুমোদিত থাকলেও সবগুলো পদ শূন্য রয়েছে। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১১ টি পদ অনুমোদিত থাকলেও কর্মরত আছেন ৯জন, শূন্য ২ টি পদ। সহকারী উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি) পদে ১১ টি পদ অনুমোদিত থাকলেও সবকটি পদ শূন্য রয়েছে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে ৪২ টি পদ অনুমোদিত থাকলেও কর্মরত আছেন ৭ জন, শূন্য রয়েছে ৩৫টি পদ। ফার্মাসিস্ট পদে ৪২ টি পদ অনুমোদিত থাকলেও কর্মরত ৬ জন, ৩৬ টি   পদ শূন্য রয়েছে। এছাড়াও পরিবার কল্যাণ পরিদর্শকা পদে ১১টি, পরিবার পরিকল্পনা  পরিদর্শক পদে ১০ টি, উপজেলা পরিবার পরিকল্পনা  সহকারী পদে ১০টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১১টি, পরিবার কল্যাণ সহকারী পদে ৬০ টি, দাই কাম নার্স পদে ২টি, মিডওয়াইফ পদে ৩টি, এম এল এস এস পদে ১টি,নিরাপত্তা প্রহরী পদে ২০ টি, আয়া পদে ৪০ টি পদ শূন্য রয়েছে।
পরিবার পরিকল্পনা  বিভাগের একতৃতীয়াংশ পদ শূন্য হওয়ায় চিকিৎসা সেবা ও পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমুল পর্যায়ে গর্ভবর্তী মা, শিশু, কিশোরীরা। মায়েদের গর্ভকালীন  ও কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরার্মশের জন্যে ছুটে আসতে হয় উপজেলা বা জেলা শহরে। গর্ভবর্তী মায়েদের প্রসবকালীন সময়ে জেলা শহরে নিয়ে আসতে পোহাতে হয় নানা দুর্ভোগ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘সারা বছরই আমাদের ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে তালা ঝুলে। ১জন প্রহরী শুধু আছে, সেই এখন ডাক্তার। আর কারও দেখা আমরা পাই না। সরকারের এদিকে সুনজর দেয়া প্রয়োজন।’
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো.মোজাম্মেল হক বলেন, ‘আমাদের লোকবলের সঙ্কট রয়েছে। রয়েছে অবকাঠামোগত নানান সমস্যা। এত সমস্যা থাকার পরও জেলায় শিশু ও মাতৃমৃত্যু রোধ এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা গত মাসে ১৮৭৭ জনকে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনার আওতায় এনেছি। বিগত মাসের জরিপে যা বাংলাদেশের সকল জেলার উপরে।

  • [১]