- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩২ বছর ধরে জমজমাট পাগলার বাদামবাজার

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় প্রায় ৩২ বছর যাবৎ আপন ঐতিহ্য অব্যাহত রেখে জমজমাটভাবে চলছে বাদামের ব্যবসা। সুনামগঞ্জ ও সিলেটের অনেক ব্যবসায়ী এ বাজারে এসে ব্যবসা করছেন প্রতি বছরই। প্রতি বছরের এপ্রিল থেকে জুন, জুলাই মাস পর্যন্ত সুনামগঞ্জের ভাতেরটেক, জাউয়াবাজার, দিরাই, শাল্লা, গোবিন্দগঞ্জ,  দোলারবাজার,  বাংলাবাজার, সিলেটের লামাকাজী, বিশ্বনাথসহ বিভিন্ন এলাকা থেকে বাদামচাষী ও ব্যবসায়ীরা এ বাজারে আসেন ।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে দক্ষিণ সুনামগঞ্জের  পাগলাবাজারের  প্রবীণ ব্যক্তি আবদুল ওয়াহ্হাব (ঠাকুর মিয়ার) মার্কেটের সামনের জায়গায় ১৯৮৪ সাল থেকে সপ্তাহে ২ দিন রবিবার ও বুধবার বাদামের হাট বসে । প্রতি হাটেই বাদামীরা কম করে হলেও ৪০ মণ বাদামে বিক্রি করেন । সুনামগঞ্জের ধনপুর, বিশ্বম্ভরপুরের লালপুর, বাঘবেরবাজার, শক্তিয়ারখলা ও উমরপুর থেকে ছোট ও বড় আকারের বাদাম আসে এবাজারে।
ক্রেতারা বলেন, প্রতি বছর বৈশাখ মাস থেকে আষাঢ় শ্রাবণ পর্যন্ত বাদামের ব্যবসা করে থাকি। বিক্রির জন্য বেশিরভাগ সময় পাগলাবাজার থেকেই বাদাম কেনা হয়। তারা বলেন, যোগাযোগ
 ব্যবস্থা ভাল হওয়ায় ক্রেতারা এ বাজারে আসেন বেশি।
১৯৯৯ সাল থেকে এবাজারে এসে বছরের তিনমাস ব্যবসা করেন বিশ্বম্ভরপুরের তরংগীয়া গ্রামের খুচরা বাদাম বিক্রেতা মো. ইদ্রিস মিয়া। তিনি জানান, এ ব্যবসার ১৭ বছরের অভিজ্ঞতায় পাগলাবাজারে তার ব্যবসা ভাল হয়। এখানে ক্রেতা ও বিক্রেতার ভিড় হয় বেশি। তাই প্রতি বছরই এখানে ব্যবসা করতে আসি।
জগন্নাথপুরের নদীর পূর্বপাড়ের মো. মুসলিম বলেন, এ বাজারে প্রচুর বাদাম উঠায় দাম কম হয়। তাই এখানে আসি।
এবাজারে বাদামের ব্যবসায় দুই বছর যাবৎ নাম লেখিয়েছেন আবদুন নূর। তিনি বলেন, পাগলায় বাদামের ব্যবসা ভাল হয় বলে আমি নতুন করে এব্যবসা করছি। ভালই লাভ হচ্ছে।
ঠাকুর মিয়া মার্কেটের সত্ত্বাধিকারী আবদুল ওয়াহ্হাব (ঠাকুর মিয়া) বলেন,‘৩২ বছর ধরে দোকনীরা আমার মার্কেটে বাদাম ব্যবসা করছে। এই বাজারের একটা ঐতিহ্য আছে। এটা আমার ও পাগলা এলাকাবাসীর জন্যও গর্বের বিষয়।

  • [১]