আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় ভয়াবহ বন্যায় বসতবাড়ি বিধ্বস্ত হওয়া ৩৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও বাঁশ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রামের ব্যারিস্টার ফরাজ করিম চৌধুরী।
এসময় বসতবাড়ি বিধ্বস্ত হওয়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ বান্ডিল টিন (২০ পিস) ও ১৩টি বাঁশ প্রদান করা হয়।
ব্যারিস্টার ফরাজ করিম চৌধুরী চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে। শুক্রবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি টিন ও বাঁশ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ৬৫, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ৬৫, বড়দল দক্ষিণ ইউনিয়ন ৫০, বড়দল উত্তর ইউনিয়ন ৪০, বাদাঘাট ইউনিয়ন ৪০, তাহিরপুর সদর ইউনিয়ন ৫০ ও বালিজুরি ইউনিয়ন ৪০ পরিবার সহ সর্বমোট ৩৫০ পরিবারের মধ্যে টিন ও বাঁশ বিতরণ করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান।
উদ্বোধনী বক্তৃতায় ব্যারিস্টার ফরাজ করিম চৌধুরী বলেন, তিনি তাহিরপুর উপজেলায় ৩৫০ পরিবারকে প্রতি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও ১৩টি করে বাঁশ প্রদান করেছেন। এই কার্যক্রমে তাকে দেশ বিদেশের অনেকেই সহযোগিতা করেছেন। যারা তাকে সহযোগিতা করেছেন তাদের সবার জন্য তিনি দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের টিন ও বাঁশ দেয়ার পরও যদি কারো আর্থিক কোন সমস্যা থাকে তাহলে তাদের নতুন করে তালিকা তৈরী করার জন্য তিনি ইউএনওকে অনুরোধ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে শেষে তিনি তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বন্যায় বসতবাড়ি বিধ্বস্ত হওয়া ৫টি পরিবারের নিকট ২ বান্ডিল করে টিন ও ১৩ টি করে বাঁশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, ব্যারিস্টার ফরাজ করিম চৌধুরী তাহিরপুর সদর ইউনিয়নের ৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল করে টিন ও ১৩ টি করে বাঁশ প্রতিটি পরিবারের হাতে তুলে দেন। বাকি গৃহনির্মাণ সামগ্রীগুলো শুক্রবার বিকাল থেকেই ক্ষতিগ্রস্তদের নিকট পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।