স্টাফ রিপোর্টার
৩৬ তম বিসিএস’এ উত্তীর্ণ হয়েছেন এমন আরও চার মেধাবী তাঁদের ফলাফল দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা কক্ষে ফোনে জানিয়েছেন। বুধবার ৮ জন শিক্ষার্থীর সাফল্যের কথা দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা কক্ষে পৌঁছালে পত্রিকার প্রথম পৃষ্ঠায় এই সংবাদ ছাপা হয়।
বৃহস্পতিবার মুঠোফোনে জেলার মধ্যনগর থানার জমশেদপুর গ্রামের রসময় সরকার ও রেনু বালা সরকারের ছেলে সজীব সরকার জানিয়েছেন তিনি কৃষি ক্যাডারে (কৃষি কর্মকর্তা) উত্তীর্ণ হয়েছেন।
একইভাবে শহরতলির শ্রীপুর গ্রামের ব্যাংক কর্মকর্তা গোলাম আজাদ জানিয়েছেন, তাঁর ভাতিজি মাসকুরা বেগম শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। মাসকুরা শহরতলির লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের গোলাম রব্বানী ও তাহমিনা বেগমের মেয়ে।
তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন মুঠোফোনে জানান, তাঁর ভাই রাসেল আহমদ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। তিনি মোদেরগাঁও আমিনুল হক ও নূরজাহান বেগমের ছেলে।
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামের সুধীর তালুকদার ও অমূল্য রানী তালুকদারের ছেলে সুজন তালুকদার শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন বলে তাঁর আত্মীয় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র দাস জানিয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত বাঁধনপাড়ার কৃষি ক্যাডারে উত্তীর্ণ মুক্তা সরকারের বাবার নাম মৃদুল কান্তি সরকার ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে মুক্তা সরকারের বাবা মুকুল কান্তি সরকার।