- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩৯ জনকে আসামী করে বিজিবির মামলা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্তে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে বিজিবি সদস্য আহত হওয়ার ঘটনায় ক্যাম্প কমান্ডার বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে এই মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান জানান, বিজিবি ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
সুনামগঞ্জের বনগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় গরু নামছে খবর পেয়ে শনিবার দুপুরে ওখানে একদল বিজিবি সদস্য পৌঁছায়। বিজিবি সদস্যরা ইসলামপুর উত্তর পাড়ার পাশের ভারতীয় সীমানায় কয়েকটি গরু পান। ওই গরুগুলো সীমান্তের ওপার থেকে চোরাই পথে আনা হয়েছে দাবি করে গরুগুলো আটক করে বিজিবি সদস্যরা। অন্যদিকে গ্রামের কামাল হোসেন, তার বোন আমেনা আক্তার, আমেনা আক্তারের স্বামী মোস্তফা মিয়া গরুগুলো তাদের গৃহপালিত দাবি করে। এই নিয়ে দুইপক্ষে কথা কাটাকাটি ও টানাহেছড়া শুরু হয়। এক পর্যায়ে গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বিজিবির ওপর চড়াও হলে বিজিবি সদস্যরা গুলি ছুড়ে। এসময় কামাল হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কামাল হোসেনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তাররা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগেই কামাল হোসেনের মৃত্যু ঘটে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বললেন, একজন বিজিবি সদস্য গুরুতর আহত হওয়ায় মামলা দায়ের করেছেন তারা।

  • [১]