- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৩ কোটি টাকা ব্যয়ে পুরাতন সুরমার তীর সংরক্ষণ হচ্ছে

সোহেল তালুকদার, দ. সুনামগঞ্জ
সুরমা নদীর ভাঙন থেকে রক্ষা পাচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পুরাতন সুরমা নদীর ডান তীরে অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাথারিয়া ভূমি অফিস, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া পোস্ট অফিসসহ সরকারি ও বেসরকারি বেশকিছু অবকাঠমো। সেই সাথে রক্ষা পাচ্ছে অসংখ্য মানুষের ঘরবাড়ি।
জানা যায়, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির একান্ত প্রচেষ্টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনা ও অবকাঠামো রক্ষায় পুরাতন সুরমা নদীর তীর সংরক্ষণ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বাপাউবো সুনামগঞ্জ পওর বিভাগ-২ অফিস সূত্রে জানাযায়, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির একাধিক ডিও লেটারের মাধ্যমে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরে সুনামগঞ্জ পওর বিভাগ-২ এর আওতায় জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পুরাতন সুরমা নদীর ডান তীরে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাথারিয়া ভূমি অফিসসহ সরকারি ও বেসরকারি অবকাঠামো ও স্থাপনা নদীভাঙন থেকে রক্ষার জন্য ২২৩ মিটার নদীর তীর সংরক্ষণ শীর্ষক নামে ২ কোটি ৯৬ লক্ষ ৫০ হাজার টাকা প্রাক্কলন ব্যয় ধরে প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন র্বোড। প্রকল্পটি ২০১৯ সালে ১ জুলাই কাজ শুরু হয়ে ইতোমধ্যে প্রায় ৮০% কাজ শেষ হয়েছে। ২২৩ মিটার প্রকল্পটি নদীর একেবারে তলদেশে ডাম্পিং ব্লক বসিয়ে স্লোপ আকারে নদীর তীরের একবারে উপর পর্যন্ত ব্লক বসানো হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাথারিয়া বাজারের পাশে পুরাতন সুরমা নদীর তীরে এই এলাকার সর্ববৃহৎ বিদ্যাপীঠ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া পোস্ট অফিসও পাথারিয়া ভূমি অফিসটি একেবারেই নদীর তীরে অবস্থান করছে। প্রকল্পটি না হলে এই স্থাপনা গুলো যে কোন সময়ই নদীগর্ভে বিলিন হয়ে যেতো। প্রকল্পটি পুরোপুরিভাবে বাস্তবায়ন হলে এই স্থাপনা গুলোও সাধারণ মানুষের বাড়িঘর নদীভাঙন থেকে রক্ষা পাবে। প্রকল্প এলাকার চারপাশে ব্লকের স্তুপ দেখা যায়। করোনা ও বন্যার কারণে কাজটি আপাতত বন্ধ রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন জানিয়েছেন, বন্যা ও করোনা পরিস্থিতির কারণে শ্রমিকরা কাজ করছেন না। তবে কয়েকদিনের মধ্যেই তারা কাজ শুরু করে অবশিষ্ট কাজ সমাপ্ত করবেন বলে জানিয়েছেন তারা।
পাথারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান, আমরা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের এলাকার একমাত্র বিদ্যাপীঠ সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজসহ সরকারি বেসরকারি স্থাপনা রক্ষায় এই প্রকল্প দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন না হলে এবারের বন্যায় আমাদের এই জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হয়তো নদীগর্ভে বিলিন হয়ে যেতো। এবার দফায় দফায় বন্যা হয়েছে সেই বন্যায় অনেকেই নদী ভাঙনে নিঃস্ব হয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ক্ষতির সম্মুখীন থেকে অনেকের ঘরবাড়িসহ সরকারি স্থাপনা গুলো রক্ষা পেয়েছে।
পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন জানান, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এই এলাকার কৃতি সন্তান ভাটি বাংলার উন্নয়নের রূপকার, আমাদের হাওররতœ মাননীয় পরিকল্পানামন্ত্রী এমএ মান্নান এমপি মহোদয়কে। এই প্রকল্পটির জন্য আমারা বারবার দাবি জানিয়ে আসছিলাম। আজ তা বাস্তবে রূপ নিয়েছে। মন্ত্রী মহোদয় আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। সেই সাথে পাথারিয়া ইউনিয়নের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প পাথারিয়া ব্রীজটিও আমাদেরকে এনে দিয়েছে। তাই আমরা ইউনিয়নবাসী মন্ত্রী মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ।
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-২) মো. সফিকুল ইসলাম জানান, মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি স্যারের ডিও লেটারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। মন্ত্রী মহোদয় নিজে তদবির করে এই প্রকল্পটি পাস করিয়েছেন। এই প্রকল্পের প্রায় ৮৫ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই বাকি কাজগুলো সম্পন্ন হবে।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি এ প্রতিবেদককে জানান, এই প্রকল্পটি একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প। এখানে সরকারি বেসরকারি অনেক স্থাপনা রয়েছে। প্রকল্পটি না হলে নদীর তীরে অবস্থিত এই প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতো। তিনি বলেন, দেশে এখন উন্নয়নের সুবাতাস বইছে। চারদিকে শুধু নতুন নতুন অবকাঠামো, রাস্তা, ব্রীজ, স্কুল, কলেজ স্থাপন করা হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রুল মডেল। পাথারিয়ায় এই নদীর উপরে আরো দুটি ব্রীজ নিমার্ণ করা হবে। একটির কাজ শুরু হয়েছে। আরেকটির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউটের কাজও চলমান রয়েছে। কি হচ্ছেনা এই দেশে? আমরা আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করি।

  • [১]