স্টাফ রিপোর্টার
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় ৩ নির্বাহী প্রকৌশলীকে দোষারোপ করলেন জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন।
সুনামগঞ্জ-ধারারগাঁও সড়কের ভাঙ্গনের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদকে উদ্দেশ্যে করে ব্যারিস্টার ইমন বলেন,‘এটি করার সময় পরিকল্পনায় ত্রুটি ছিল, নদীর পাড়ে বেড়ী বাঁধ না করলে এই সড়ক টেকানো যাবে না। কিন্তু সড়ক করার সময় তা করা হয়নি’।
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিনকে উদ্দেশ্য করে বলেন,‘সুনামগঞ্জ বৃষ্টিপাত বেশি হয়, এখানকার সড়ক করার সময় বিটুমিনের প্রলেপ বেশি দিতে হয়, কিন্তু অনেক সড়কেই তা করা হয়নি’।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিনকে উদ্দেশ্য করে বলেন,‘সময়মত বেড়ী বাঁধের কাজ না হওয়ায় এবং অনিয়ম হওয়ায় এবার অনেক হাওরের ফসল ডুবেছে’।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন,‘জেলা পরিষদ প্রশাসক সাহেব অনেক কিছুই ঠিক বলেছেন, প্রয়োজনীয় বরাদ্দের সংকটেও অনেক সময় কম খরচে কাজ করানোর চেষ্টা করা হয়’।