ধর্মপাশা প্রতিনিধি
বৈরি আবহাওয়ার কারণে বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ধর্মপাশায় ৪০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে উপজেলার ১৪ হাজার গ্রাহককে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। শুক্রবার রাত বারটার দিকে ঝড়ো বাতাসের কারণে বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেওয়ায় এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে তখন থেকে উপজেলা সদরে বেসরকারি মোবাইল কোম্পানী বাংলালিঙ্কের নেটওয়ার্ক ছিল না। ফলে বাংলালিঙ্ক গ্রাহকদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন গ্রামে কয়েকটি বাড়ি ও দোকানপাট ভেঙে গেছে বলে খবর পাওয়া গেছে। রোববার বিকেল চারটার দিকে উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হলেও লাইনে ত্রুটি থাকায় উপজেলার মধ্যনগর থানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি।
পল্লীবিদ্যুতের ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে লাইনে ত্রুটি থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। মধ্যনগরে লাইন চালুর চেষ্টা অব্যাহত রয়েছে।’