- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৪২ লাখ সদস্য ফরম বিক্রি হয়েছে -রিজভী

সু. খবর ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পুলিশ ও সন্ত্রাসীদের বাঁধা উপেক্ষা করে সারাদেশে চলছে দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। এক কোটি টার্গেটের প্রায় অর্ধেক ৪২ লাখের অধিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি হয়েছে। প্রতিদিন কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও তৃণমৃলে নতুন সদস্য হতে আগ্রহীরা হাজির হচ্ছেন।’
শুক্রবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান তিনি।
সদস্য সংগ্রহের নারীদের আগ্রহ বেশি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘দলের এই কর্মসূচি ইতিমধ্যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সদস্য ফরম পূরণে দলের সদস্য হতে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্র-ছাত্রী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। নারীদের মধ্যে সদস্য হওয়ার আগ্রহ আরো বেশি বাড়ছে।’
দলের জেলা-উপজেলায় বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ অভিযানে পুলিশ ও ক্ষমতাসীনরা বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গত ১ জুলাই  
দুইমাস ব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। একজন সদস্য ১০ টাকার বিনিময়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হয়। এবারে দলটি লক্ষ্যমাত্রা এক কোটি নতুন সদস্য।

রিজভী বলেন, ‘দুইদিন আগে বাণিজ্যমন্ত্রী বলেছেন দ্রব্যমূল্য বাড়েনি, তার এ বক্তব্য সম্পূর্ণভাবে অসত্য। বাজারের প্রায় সব পণ্যের দাম দ্বিগুণ-তিনগুণ বৃদ্ধি পেয়েছে। তেল, চিনি, লবনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ। এককেজি সবজি ৭০/৮০ টাকার নিচে পাওয়া যায় না।’

ঢাকঢোল পিটিয়ে চাল আমদানির পরও চালের দামে কোনো প্রভাব পড়েনি বলে এ সময় মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘জয়পুরহাট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচবিবি থানা আহ্বায়ক আব্দুল গফুরকে গোয়েন্দা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।’

আব্দুল গফুরসহ সংগঠনের অন্যদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপির এ নেতা।

সংবাদ সংবাদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, এম এ মালেক, মীর সরফত আলী সপু।

  • [১]