স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর বাজারে শাহজালাল টাওয়ারে অগ্নিকা-ের ঘটনায় গত ৪দিন ধরে ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে ৪ দিন ধরে ভবনের নীচতলায় ডাচ বাংলা বাংলা ব্যাংকের গ্রাহকরা কোন প্রকার লেনদেন করতে পারছেন না। এতে করে দূর থেকে আগত গ্রাহকরা এসে পড়ছেন নানামুখী দুর্ভোগে।
এদিকে বিশ^ম্ভরপুর সাব-জোনাল অফিস এর সহকারী জেনারেল ম্যানেজার মো. ইকরাম হোসাইন জনি স্বাক্ষরিত পত্রে শাহজালাল টাওয়ারের মালিক মাও শামছুজ্জানের নিকট প্রেরিত পত্র মারফত জানা যায়, গত ২৪ জানুয়ারি শাহজালাল টাওয়ারে অগ্নিসংযোগের ঘটনায় ১টি ৩ ফেজ ও ২৬টি ১ ফেজ মিটার পুড়ে যায়। পুড়ে যাওয়া মিটার সমূহ পুনঃ সংযোগের জন্য মিটার বোর্ড স্থাপন করে প্রতিটি হিসাবের বিপরীতে পৃথক পৃথক সঠিকমানের পুনঃওয়্যারিং রিপোর্ট প্রদান সাপেক্ষে নতুন মিটার দিয়ে পুনঃসংযোগের ব্যবস্থা নেয়া হবে। প্রতিটি মিটারের বকেয়া বিল (যদি থাকে) এবং বিচ্ছিন্ন ও পুনঃসংযোগ ফি পরিশোধ করতে হবে।
শাহজালাল টাওয়ারের পরিচালক আবুল হাসান রাসেল বলেন, বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে টাওয়ারের সকল ব্যবসা প্রতিষ্ঠান চালু হবে।